ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিসিবির নির্বাচনে অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি

বিসিবির নির্বাচনে অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে সরকার। গতকাল বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের কথা জানায়। এনএসসির নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্তে প্রাপ্য অভিযোগগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা ও তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান আমিনুল হক এই কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে। কমিটির অন্য সদস্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফারুক, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি অ্যাডমিন ও দক্ষিণ) ডিএমপি মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান এবং সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম।

এই কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে বিসিবির নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত প্রাপ্ত অভিযোগগুলো পর্যালোচনা করা, অভিযোগে উত্থাপিত বিষয়সমূহের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও দলিলাদি সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করা, কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় বিসিবির গঠনতন্ত্র প্রযোজ্য আইন, বিধি ও প্রচলিত নিয়ম অনুসারে সম্পন্ন হয়েছে কি না, তা পরীক্ষা করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব-সংস্থা থেকে ব্যাখ্যা গ্রহণ করা, অভিযোগসমূহের প্রেক্ষিতে কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রম সংঘটিত হয়েছে কি না, তা নিরূপণ করা এবং ভবিষ্যতে কাউন্সিলর মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাও জবাবহিদিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।

এই কমিটি প্রয়োজন মনে করলে যে কোনো বিশেষজ্ঞ ব্যক্তিকে কমিটিতে সংযুক্ত করতে পারবে। ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে দাখিল করতে বলা হয়েছে এই কমিটিকে। বিসিবি নির্বাচনে অনিয়মের নানা কথা উল্লেখ করে গত রোববার এনএসসিতে অভিযোগ জানিয়ে তদন্তের দাবি জানায় ঢাকার ৫টি ক্লাব। পরে মঙ্গলবার একই অভিযোগে তদন্তের আবেদন করেন জেলা ও বিভাগীয় কোটার বেশ কয়েকজন কাউন্সিলর। এরপর এই কমিটি গঠন করা হলো।

গত বছর অক্টোবরে বিসিবি নির্বাচনে ২৫ জন পরিচালক মনোনীত হন, পরে পরিচালকদের ভোটে সভাপতি হন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। নির্বাচনের আগে থেকেই সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলছিল ঢাকার বিভিন্ন ক্লাব ও জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরদের একটি অংশ।

গত রোববার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলররা এনএসসির কাছে নির্বাচনের অস্বচ্ছতা নিয়ে অভিযোগ জানান এবং স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানান। সর্বশেষ বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুললেও নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ জানিয়ে পরে আরও কয়েকজন পরিচালক প্রার্থীর সঙ্গে তামিমও সরে দাঁড়িয়েছিলেন। ঢাকার ক্লাবগুলোর পর গত মঙ্গলবার ঢাকার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার একটি অংশও এনএসসিতে নির্বাচনে অনিয়মের অভিযোগ জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত