
ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেড। ইংল্যান্ডের ঘরোয়া ১০০ বলের এই টুর্নামেন্ট এবারই প্রথম খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হলো। লন্ডনে অনুষ্ঠিত এই নিলামে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২০২৬ সালের আসরকে সামনে রেখে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে ১ লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। তবে নাম থাকলেও দল পাননি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ মাতানো বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আগামী ২১ জুলাই শুরু হতে যাওয়া আট দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট। বার্মিংহামের স্কোয়াডে মোস্তাফিজ ছাড়া আছেন পাকিস্তানের উসমান তারিক, দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা এবং ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড। দ্য হানড্রেডের এবারের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয় কেবল মোস্তাফিজ ও রিশাদের। মোস্তাফিজের ভিত্তি মূল্য ছিল সর্বোচ্চ ১ লাখ পাউন্ড এবং রিশাদের ছিল ৭৫ হাজার পাউন্ড। রিশাদ ছিলেন নিলামের টায়ার ওয়ান স্পিনারদের ক্যাটাগরিতে। এই তালিকায় তার সঙ্গে আরও ছিলেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, আফগানিস্তানের এএম গজনফর ও পাকিস্তানের তারিক। মোস্তাফিজ ছিলেন ড্রাফটের লংলিস্ট ক্যাটাগরিতে। তৃতীয় ও শেষ ধাপে তাকে দলে টানার প্রস্তাব দেয় বার্মিংহাম। নিয়মানুযায়ী, শেষ ধাপে কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো খেলোয়াড়কে চাইলে ভিত্তি মূল্যেই নিতে হয়।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্ব আঙিনায় বাংলাদেশের প্রতিনিধি এখন মোস্তাফিজ। তবে দ্য হান্ড্রেডে আগে খেলা হয়নি তার। ১০০ বলের ক্রিকেটর আসরে এবারই প্রথম পা পড়বে ৩০ বছর বয়সী পেসারের। আগে ড্রাফট পদ্ধতি থাকলেও প্রথমবারের মতো এবার নিলাম হয়েছে দ্য হান্ড্রেডে। ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে মোস্তাফিজকে নিয়েছে ফিনিক্স। ২৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার ইথান ব্রুকসকে ৭০ হাজার পাউন্ডে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে দলটি সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে অবশ্য উসমান তারিককে নিয়ে।
পাকিস্তানি ক্রিকেটারদের এই টুর্নামেন্টে নেওয়া হবে কি না, এমন নানা সংশয় ও আলোচনা ছিল। ভিন্ন ধরনের বোলিং অ্যাকশনের জন্য তুমুল পরিচিতি পাওয়া রহস্য স্পিনারকে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে নিয়েছে ফিনিক্স। এই দলের সবচেয়ে বড় তারকা ও সবচেয়ে দামি ক্রিকেটার জেকব বেথেল। ইংল্যান্ডের উঠতি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আলোচিত এই অলরাউন্ডারকে নিলামের আগেই সরাসরি চুক্তিতে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে নিয়েছে দলটি। আলোচিত আরও দুজন স্পিনিং অলরাউন্ডার আছে এই দলে। প্রতিভাবান লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকে দলে পেয়েছে তারা ২ লাখ ৫০ হাজার পাউন্ডে, ছক্কাপ্রিয় আগ্রাসী দক্ষিণ আফ্রিকা অফ স্পিনিং অলরাউন্ডার ডনোভান ফেরেইরাকে পেতে লেগেছে ২ লাখ ১০ হাজার পাউন্ড। হার্ড হিটিং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল ওয়েন এই দলে খেলবেন ১ লাখ ৩০ হাজার পাউন্ডে। এছাড়া নানা সমেয়ে বিপিএল খেলে যাওয়া লরি ইভান্স, ক্রিস উডরা আছেন এই দলে।
হান্ড্রেডের এবারের আসর হবে ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট। সীমিত ওভারের ক্রিকেটে ওই সময়টায় কোনো খেলা নেই বাংলাদেশের। বিসিবির অনাপত্তিপত্র পেলে তাই পুরো মৌসুমই খেলতে পারবেন মোস্তাফিজ।
বার্মিংহাম ফিনিক্স স্কোয়াড : জেকব বেথেল, রেহান আহমেদ, ডনোভান ফেরেইরা, মিচেল ওয়েল, সাকিব মাহমুদ, উসমান তারিক, জো ক্লার্ক, উইল স্মিড, জর্ডান টমসন, স্কট কুরি, লরি ইভান্স, ক্রিস উড, ইথান ব্রুকস, মোস্তাফিজুর রহমান।