
এশিয়ান গেমসের হকি ইভেন্টের বাছাইয়ে অভিষেকেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের মেয়েরা। গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় চাইনিজ তাইপের বিপক্ষে শুরুটা দারুণ করল অর্পিতাণ্ডরিয়ারা। তবে দুইবার লিড নিয়েও বাংলাদেশের মেয়েরা ম্যাচটি জিততে পারেনি। তবে এক পর্যায়ে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৩ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা যেভাবে ৫-৫ এ সমতায় ফিরে কৃতিত্ব দেখিয়েছে তা প্রশংসার দাবিদার।
গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস নারী হকির বাছাই পর্বে বাংলাদেশের ছিল প্রথম ম্যাচ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক হকিতে অভিষেক হলো বাংলাদেশের মেয়েদের। জিতলে অভিষেকটা রাঙিয়ে দিতে পারতেন অর্পিতাণ্ডআইরিনরা। তবে গোলময় ম্যাচটি ড্র করে বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছেন তাদের আরও সামনে এগুনোর সময় এসেছে। শুরু থেকেই আক্রমণ, পাল্টা আক্রমণে জমেছিল ম্যাচ। তবে দর্শক গোল দেখেছে অষ্টম মিনিটে। বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলে সেটি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন আইরিন রিয়া। পরের মিনিটেই ম্যাচে ফেরে চাইনিজ তাইপে। আবার পরের মিনিটে বাংলাদেশের গোল। এবার বাংলাদেশ অধিনায়ক অর্পিতা পাল। পেনাল্টি কর্নার থেকে তিনি গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টার শুরুর ২ মিনিটের মধ্যে ব্যবধান ৩-১ করেন অর্পিতা। পেনাল্টি স্ট্রোক পেলে তা কাজে লাগান অধিনায়ক। এর পর স্টিক-বলে ঝড় তোলেন চাইনিজ তাইপের মেয়েরা। ২৩, ২৯, ৩৪ ও ৩৬ মিনিটে গোল করে চাইনিজ তাইপে বাংলাদেশকে পেছনে ফেলে ৫-৩ ব্যবধানে। সেখান থেকে বাংলাদেশ ম্যাচ শেষ করেছে ৫-৫ গোলে। অধিনায়ক অর্পিতা পাল ৪৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে ম্যাচে বাংলাদেশকে সমতায় ফেরান। তার আগে ৪০ মিনিটে ব্যবধান ৫-৪ করেছিলেন কনা আক্তার। ঐতিহাসিক এই ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক গোল করেছেন আইরিন রিয়া। ম্যাচের প্রথম ও বাংলাদেশের প্রথম গোলতাদা তিনি। দেশের নারী হকির ইতিহাসে প্রথম গোলদাতা হিসেবে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে রিয়ার নাম। হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হয়েছেন অর্পিতা পাল। বাংলাদেশের পরের ম্যাচ আজ উজবেকিস্তানের বিপক্ষে। প্রথম ম্যাচ ড্র করে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখলেন লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। ৮ দলের এই বাছাই পর্ব থেকে শীর্ষ ৪ দল পাবে আগামী এশিয়ান গেমসে খেলার টিকিট।