
ক্রিকেটে পেস বোলারদের চোটে পড়া কোনো নতুন ঘটনা নয়, বরং এটি অত্যন্ত নিয়মিত একটি বিষয়। অতিরিক্ত ব্যবহারের কারণে পেস বোলারদের চোটের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে পিঠ, হাঁটু এবং গোড়ালিতে প্রচুর চাপ পড়ে, যা চোটের কারণ হতে পারে। ঠিক তাই হয়েছে তানজিম হাসান সাকিবের। অনেক দিন থেকে পিঠের চোট বয়ে বেড়াচ্ছেন এই টাইগার পেসার। পেসারদের পিঠের চোট মানেই তো কখনও ভালো না হওয়া এক সমস্যায় ভোগার শঙ্কা! জাতীয় দলের এই পেসারও এখন পড়েছেন সে দোদুল্যমানতায়।
এ বছরের জানুয়ারিতে বিপিএলে পাওয়া চোটের পর বেশ কয়েক মাস বলতে গেলে মাঠের বাইরেই কেটেছে তানজিমের। ৫ ফেব্রুয়ারি ঘরোয়া অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে একটি ম্যাচ খেললেও এরপর আবার মাঠে ফিরতে পেরেছেন চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিতে। এর আগে সিরিজের তৃতীয় ওয়ানডের স্কোয়াডে রাখা হলেও ম্যাচ খেলা হয়নি তানজিমের। নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে ৪ ওভারে ৪০ রানে ১ উইকেট নিয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিটা তো বৃষ্টির কারণে হলোই না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টিতে হয়তো খেলতেন, কিন্তু তার আগের দিনই তানজিম আবারও পিঠে ব্যথা অনুভব করেন। যে কারণে শেষ ম্যাচে তো তার খেলা হয়ইনি, এই পেসারকে নিয়ে এবার সতর্ক অবস্থানেই চলে গেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও বিসিবির মেডিক্যাল বিভাগ।
জানা গেছে, ব্যথা না কমায় তানজিমের পিঠের হাড়ের বিশেষ একধরনের এমআরআই করানো হয়েছে। তবে রিপোর্ট হাতে পায়নি বিসিবির মেডিক্যাল বিভাগ। একটি সূত্র নিশ্চিত করেছে, তার পিঠের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়েছে, যে কারণে খেলা ও অনুশীলন থেকে তাকে আপাতত দূরে থাকতে হবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের টেস্ট দলে এমনিতেই নেই তানজিম। পিঠের চোট মাথাচাড়া দিয়ে ওঠায় প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলা নিয়েও এখন তৈরি হয়েছে সংশয়। লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলার কথা তার।
বিসিবির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চোট এবং সম্ভাব্য চিকিৎসার ব্যাপারে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তানজিমকে খেলা ও অনুশীলন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে তিনি যেহেতু পেস বোলার, এ ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নিতে চায় না বিসিবি। প্রয়োজনে দেশের বাইরে পাঠিয়ে করানো হতে পারে উন্নত চিকিৎসা। এ ব্যাপারে জানতে চাইলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী অবশ্য এখনই বিস্তারিত বলতে চাননি। তবে তিনি জানিয়েছেন, চোটের অবস্থা বুঝে তানজিমের চিকিৎসা বা খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও দুএক দিন লাগতে পারে।