
সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশ নারী দল এখন ভারতের গোয়ায়। আজ নেপালের বিপক্ষে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল ৭টায় বামবোলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল।
কিন্তু ভোর ৫টায় দেশ থেকে আসে দুঃসংবাদ। লাল সবুজ দলের সেন্টার ব্যাক শিউলি আজিমের মা বাসনা আজিম মারা গেছেন। একদিকে মা হারানোর শোক, অন্যদিকে দেশের প্রয়োজন। শিউলি আজিম শোক চেপে বাংলাদেশের ডাকেই সাড়া দিলেন। টিম হোটেলের পাশে আরব সাগরের তীরে সতীর্থদের সাথে অনুশীলনে নেমে পড়লেন। একদিন বাদেই যে নেপালের বিপক্ষে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল! যদিও কেউ সকাল ৭টার ব্যাম্বেলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে অনুশীলনে যাওয়ার মতো অবস্থায় তারা ছিলেন না। ওই অনুশীলন তাই বাতিল হয়ে যায়। কিন্তু নেপাল ম্যাচের প্রস্তুতিও তো নিতে হবে। মাঠে কৌশলগত অনুশীলন করা না গেলেও বসে থাকলেন না পিটার জেমস বাটলার। ভিডিও সেশনে ছক বুঝিয়ে দিয়েছেন। বেলা ৪টায় দল নিয়ে নেমে পড়লেন সমুদ্র সৈকতে। সবার দৃষ্টি তখন শিউলির দিকে।
সমুদ্রের ঢেউয়ের মতো শিউলির মনের গহিনেও প্রিয়জন হারানোর যে উথাল-পাতাল ঢেউ আছড়ে পড়ছে, তা তার মুখের দিকে তাকিয়েই বোঝা গেল। বিষণ্ণ, বিমর্ষ, কাঁদো কাঁদো চোখে তিনি নামলেন অনুশীলনে। দলীয় সূত্রের খবর, সকালের কান্নাকাটির পর শিউলি অনেকটাই নিজেকে সামলে নিয়েছেন। দলের সবচেয়ে বয়সী খেলোয়াড় তিনি, অভিজ্ঞতাও এগিয়ে অনেকের চেয়ে। তার ভেঙে পড়া যেন বাকিদের উপর প্রভাব না ফেলে, তাই ভেতরে কষ্ট তিনি চেপের রাখার চেষ্টা করছেন অনুক্ষণ। কখনও পারছেন, কখনও তা নিরব অশ্রু হয়ে ঝরে পড়ছে। আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৪টায় গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে দল। কোচিং স্টাফের এক সদস্য বললেন, ফাইনালে ওঠার লড়াইয়ে শিউলিকে খেলানোর পরিকল্পনা আছে তাদের। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারও নাকি শোককে শক্তিতে রূপ দিতেই রয়ে গেছেন দলের সাথে।
বাংলাদেশের গত দুটি সাফ জয়ে রক্ষণে নির্ভরতা ছিলেন শিউলি। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারতের গোয়ায় আসা দলের সবচেয়ে বয়সী খেলোয়াড় তিনি। বুকের ব্যথার জন?্য মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলে জয় পাওয়া ম?্যাচে খেলতে পারেননি শিউলি। ভারত ম্যাচের আগে অনুশীলনে ফেরেন তিনি। তবে, ৩-০ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচেও তাকে খেলাননি কোচ পিটার জেমস বাটলার। শোকাবহ পরিস্থিতিতে সেমিফাইনালে কোচ পিটার বাটলারের পরিকল্পনায় তিনি থাকলেও খেলার জন্য মানসিকভাবে কতটুকু প্রস্তুত আছেন সেটিই এখন বড় প্রশ্ন।
শিউলির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল (বাফুফে) ফেডারেশন। এক বিবৃতিতে বাংলাদেশ ফুটবল (বাফুফে) ফেডারেশন জানিয়েছে, ‘বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শিউলি আজিম এর মাতা বাসনা আজিম ২ জুন ভোর ৫টায় পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। পরলোক গমনকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।’
শোক জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘শিউলি আজিমণ্ডএর মাতার পরলোক গমনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিথ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিরা, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি এবং সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।’
শিউলি আজিমের মা বাসনা আজিমের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য শিউলি আজিমের মাতা বাসনা আজিম-এর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। সন্তানের জীবনের প্রতিটি পদক্ষেপে মায়ের অবদান অনস্বীকার্য। শিউলি আজিমকে দেশের একজন শীর্ষস্থানীয় ফুটবলার হিসেবে গড়ে তোলার পেছনে তার প্রয়াত মায়ের ত্যাগ ও অনুপ্রেরণা চিরস্মরণীয় হয়ে থাকবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।