ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আর্জেন্টিনার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু

ফিফা বিশ্বকাপ ২০২৬
আর্জেন্টিনার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু

বিশ্বকাপের উত্তাপ এখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু বর্তমান চ্যাম্পিয়নরা ইতোমধ্যেই বুঝিয়ে দিল তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি ধরে রাখার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে পৌঁছেছে আর্জেন্টিনা। ঢাকের শব্দ যেন দূর থেকেই শোনা যাচ্ছে, আর সেই সঙ্গে শুরু হয়েছে বিশ্বকাপ অভিযানের কাউন্টডাউন। আগামী বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে পড়েছে আর্জেন্টিনা। শিরোপা রক্ষার অভিযান শুরু হবে ১৬ জুন, কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। দলের অধিনায়ক লিওনেল মেসি এবং মিডফিল্ডার রদ্রিগো ডি পল আলাদা চার্টার বিমানে যুক্তরাষ্ট্রে পৌঁছালেও বাকি বেশিরভাগ খেলোয়াড় ভ্রমণ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রীয় বিমান সংস্থার বিশেষ ফ্লাইটে। বুয়েনস আয়ার্সের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার মাইল পথ পাড়ি দিয়ে বিমানটি গতকাল মিসৌরিতে অবতরণ করে। বিশেষ সেই ফ্লাইটের নম্বর ছিল ‘১৯৭৮’, যা আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন। বিমানে মেসি না থাকলেও তার উপস্থিতি যেন ছিল সর্বত্র। বিমানের লেজে শোভা পেয়েছে তার বিখ্যাত ১০ নম্বর জার্সি, যা আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙের সঙ্গে দারুণভাবে মিশে গেছে। আর বিমানের দরজার পাশে থাকা তিনটি সোনালি তারকা মনে করিয়ে দিয়েছে দেশটির তিনটি বিশ্বকাপ শিরোপার গল্প। ক্যানসাস সিটি অঞ্চলে বিশ্বকাপ ঘাঁটি স্থাপনকারী চার দলের মধ্যে আর্জেন্টিনাই প্রথম। তাদের পরপরই সেখানে পৌঁছাবে নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও আলজেরিয়া। আলজেরিয়া অবশ্য কাছাকাছি লরেন্স শহরের কানসাস বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে।

মেসি ও তার সতীর্থদের জন্য ক্যানসাস সিটির কেন্দ্রস্থলের কাছে অবস্থিত অরিজিন হোটেলকে অস্থায়ী আবাস হিসেবে প্রস্তুত করা হয়েছে। দলটির আগমনের আগেই হোটেলটির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে, স্থাপন করা হয়েছে অতিরিক্ত বেষ্টনী। ভেতরের পরিবেশও বদলে গেছে পুরোপুরি। বিভিন্ন সাইনবোর্ড, পোস্টার এবং আর্জেন্টিনার তারকা ফুটবলারদের বিশাল ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো ভবনকে। যেন যুক্তরাষ্ট্রের মাটিতেই গড়ে উঠেছে ছোট্ট এক ‘আলবিসেলেস্তে’ ঘাঁটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত