ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বকাপে বন্ধ ‘টাইমআউট’ ভিএআর নিয়মেও পরিবর্তন

বিশ্বকাপে বন্ধ ‘টাইমআউট’ ভিএআর নিয়মেও পরিবর্তন

২০২৬ ফিফা বিশ্বকাপে গোলরক্ষকদের ইনজুরি নিয়ে সময় নষ্ট বা কৌশলগত বিরতির সুযোগ আর থাকছে না! একই সঙ্গে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের নিয়মেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। ফিফার রেফারিবিষয়ক প্রধান পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, গোলরক্ষক মাঠে চোট পেয়ে শুয়ে পড়লে অন্য খেলোয়াড়রা আর কোচদের সঙ্গে কথা বলতে টেকনিক্যাল এরিয়ায় যেতে পারবেন না। সাম্প্রতিক বছরগুলোতে ‘গোলকিপার ট্যাকটিক্যাল টাইমআউট’ নামে পরিচিত এই কৌশল নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। অনেক সময় গোলরক্ষক চোটের ভান করে মাঠে বসে পড়েন, এরপর দুই দলের খেলোয়াড়রাই টাচলাইনের কাছে গিয়ে কোচদের কাছ থেকে নতুন নির্দেশনা নেন। এতে খেলার গতি ভেঙে যায় এবং প্রতিপক্ষের ছন্দও নষ্ট হয়। ফিফা ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপে এই প্রবণতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কোনো গোলরক্ষক চোট পেলে খেলোয়াড়দের মাঠেই থাকতে হবে অথবা কেন্দ্রবৃত্তের আশপাশে অবস্থান করতে হবে।

কলিনা বলেন, গোলরক্ষকের আহত হওয়ার অধিকার আছে। কিন্তু অন্য খেলোয়াড়দের মাঠ ছেড়ে কোচের কাছে গিয়ে এক ধরনের টাইমআউট নেওয়ার অধিকার নেই।’ তবে নিয়ম ভঙ্গ করলেও খেলোয়াড়দের হলুদ কার্ড দেখানো হবে না বলে জানিয়েছেন তিনি। এদিকে ভিএআর ব্যবস্থাতেও নতুন পরিবর্তন আসছে। এখন থেকে কর্নার বা ফ্রি-কিক নেওয়ার আগে আক্রমণভাগের কোনো খেলোয়াড় ফাউল করলে এবং সেটি সরাসরি গোল, পেনাল্টি বা গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে সম্পর্কিত হলে ভিএআর তা পর্যালোচনা করতে পারবে।

এত দিন বল খেলায় আসার আগে সংঘটিত ফাউল ভিএআরের আওতায় ছিল না। নতুন নিয়মে সেই সীমাবদ্ধতা দূর হচ্ছে। উদাহরণ হিসেবে চলতি বছরের মার্চে ইংল্যান্ড ও উরুগুয়ের ম্যাচের একটি গোলের প্রসঙ্গ টেনেছেন কলিনা। কর্নার নেওয়ার আগে ইংল্যান্ডের এক খেলোয়াড় উরুগুয়ের ডিফেন্ডারকে বাধা দিলেও ভিএআর তখন হস্তক্ষেপ করতে পারেনি। নতুন নিয়ম কার্যকর থাকলে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যেত। কলিনা বলছিলেন, ‘ডিফেন্ডারকে অবৈধভাবে বাধা দিয়ে যদি গোলের সুযোগ তৈরি করা হয়, সেটি খুবই অন্যায্য। তাই এমন ঘটনায় ভিএআরের হস্তক্ষেপের সুযোগ থাকা প্রয়োজন।’ এ ছাড়া প্রতিপক্ষের সঙ্গে তর্ক-বিতর্কের সময় মুখ হাত, বাহু বা জার্সি দিয়ে ঢেকে কথা বললে তা লাল কার্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত