
প্রথম ম্যাচ তো মাঠের বাইরেই কাটাতে হয়েছে নেইমারকে। প্রথম পর্বজুড়েও কি দেখা যাবে একই চিত্র? শঙ্কাটা জোরাল হচ্ছে ক্রমেই। ব্রাজিলের নানা সংবাদ মাধ্যমের খবর, বিশ্বকাপের গ্রুপ পর্বে এই তারকার মাঠে ফেরার সম্ভাবনা সামান্যই। কিছু সংবাদ মাধ্যম তো সরাসরিই লিখেছে, নকআউট পর্বের আগে নেইমার মাঠে ফিরতে পারছেন না। হাইতির বিপক্ষে ম্যাচের আগে এখনও দলীয় অনুশীলনে যোগ দেননি ৩৪ বছর বয়সী এই তারকা। এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষাটি আবার করাচ্ছেন বলে ইএসপিএনকে জানিয়েছে সূত্রগুলো। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসলে চোট পান নেইমার। তাকে নিয়ে নানা অশ্চিয়তা থাকলেও শেষ পর্যন্ত তাকে দলে রাখেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু তখন থেকে এখনও পর্যন্ত তিনি দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি।
গত সোমবার নিউ ইয়র্ক রেড বুলস প্রশিক্ষণ কেন্দ্র থেকে সূত্রের বরাতে ইএসপিএন জানায়, নেইমারকে নিয়ে পরিস্থিতি এখনও একই রকম রয়েছে। ‘গ্রেড টু’ পেশির চোটের কারণে মাঠের বাইরে থাকা উইঙ্গার এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষাটি আবার করিয়েছেন। সেটির ফলাফল এখনও নিশ্চিত করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। ব্রাজিলিয়ান গণমাধ্যম লিখেছে যে, দলের মেডিকেল স্টাফরা তাকে নকআউট পর্বের জন্য পুরোপুরি ফিট অবস্থায় ফিরে পাওয়ার আশা করছেন। যেটির মানে, হাইতি ও স্কটল্যাণ্ডের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল। সেই ম্যাচে নেইমার ডাগআউটে ছিলেন, কিন্তু দলীয় জার্সি দেখা যায়নি তার গায়ে।
ওই ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন আনচেলত্তি। “নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, সে সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলে যোগ দেবে। যখন আমরা তাকে দলে অন্তর্ভুক্ত করি, তখন তার অনস্বীকার্য টেকনিক্যাল দক্ষতার জন্যই নিয়েছিলাম। তবে তার অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের সামনে দৃষ্টান্তের জন্যও তাকে চাই আমরা।” ব্রাজিলের পরের ম্যাচ আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়, প্রতিপক্ষ হাইতি।