ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পুরোদমে অনুশীলনে নেইমার, খুশি পাকেতা

পুরোদমে অনুশীলনে নেইমার, খুশি পাকেতা

চোট কাটিয়ে ফেরা নেইমার পুরোদমে অনুশীলন করেছেন সতীর্থদের সাথে। হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়, নেইমারের ফেরা, ভিনিসিউসের সাথে বন্ধুত্ব-নানা বিষয় নিয়ে কথা বললেন লুকাস পাকেতা। সেখানে, শুরুর বিবর্ণতা ঝেড়ে ব্রাজিলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রসঙ্গই থাকল বেশি। উত্তর আমেরিকা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে শুরু করা ব্রাজিল, প্রথম জয় পেয়েছে হাইতির বিপক্ষে। ৩-০ ব্যবধানে জেতা ওই ম্যাচে, ভিনিসিউসের গোলে অ্যাসিস্ট করেন পাকেতা। জোড়া গোলদাতা কুইয়ার একটির উৎস মূলেও ছিলেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

হাইতির বিপক্ষে জয়ে ব্রাজিলের ‘হেক্সা’ মিশনে আশার পালে বাতাস লেগেছে। পাকেতাও বললেন, বিশ্বকাপে সামনের পথচলার রসদ পেয়ে গেছেন তারা। ‘আমার মনে হয়, কৌশলগত দিকে এবং বিল্ড-আপ প্লে’তে প্রত্যাশা অনুযায়ী উন্নতি করে, আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। নিখুঁত একটা জয় পেয়েছি। ম্যাচটা টুর্নামেন্টে এগিয়ে যেতে এবং উন্নতি করতে আমাদের আত্মবিশ্বাসী করে তুলবে।’ গ্রুপ পর্বের গত দুই ম্যাচে দর্শক ছিলেন নেইমার। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড চোট কাটিয়ে পুরোদমে অনুশীলন শুরু করেছেন। পাকেতা আশাবাদী, নেইমার দলকে সাহায্য করবেন, অতীতের মতোই। ‘সে অনুশীলনে ফেরায় এবং দলের বাকিদের সাথে মাঠে ফিরতে পারায় আমরা সবাই খুশি। জাতীয় দলে সে ভীষণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্বকাপে তার দারুণ ইতিহাস আছে এবং সে এখনও আমাদের অনেক সহযোগিতা করতে পারে। দলের আর সব খেলোয়াড়ের মতোই, নেইমার খুব গুরুত্বপূর্ণ। তাকে নিয়ে আমরা খুশি। সে ফেরায় আমরা আনন্দিত এবং আশা করি, যত দ্রুত সম্ভব সে মাঠে ফিরবে এবং আমাদেরকে সাহায্য করবে।”

ভিনির সাথে বয়সের ব্যবধান তিন বছর হলেও, দুজনে একসময় একসাথে খেলেছেন ফ্ল্যামেঙ্গোতে। সেই থেকে দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব বলে জানালেন পাকেতা। বিশ্বকাপে গত দুই ম্যাচে, দুই গোল করা এই ফরোয়ার্ডকে নিয়ে মুগ্ধতা ঝরল তার কণ্ঠে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত