
নবীন দল আর প্রবীন দলের লড়াইয়ে জমে উঠেছে উত্তর আমেরিকা বিশ্বকাপ। গ্রুপ পর্ব শেষ মুহুর্তে এসে পৌঁছেছে। প্রায় চূড়ান্ত হয়েছে সেরা বত্রিশের লাইনআপ। ঠিক সেই সময়ে আলোচনায় এক ভবিষ্যদ্বাণী। যদিও ফিফা বিশ্বকাপ এলেই নানা ধরনের পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। এবার আলোচনায় উঠে এসেছেন জার্মান অর্থনীতিবিদ ও গবেষক জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার দাবি করা এই গবেষক এবার ২০২৬ বিশ্বকাপ নিয়েও দিয়েছেন চমকপ্রদ এক ভবিষ্যদ্বাণী।
ক্লেমেন্টের পূর্বাভাস অনুযায়ী, নকআউট পর্বের দ্বিতীয় রাউন্ডেই জাপানের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সূচি অনুযায়ী, আগামী ২৯ জুন হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ জাপান। ক্লেমেন্টের গাণিতিক মডেল বলছে, এই ম্যাচে জয় তুলে নিয়ে শেষ ষোলো থেকে ব্রাজিলকে বিদায় করবে হাজিমে মোরিয়াসুর শিষ্যরা।
নিজের গবেষণায় প্রচলিত ফুটবল পরিসংখ্যানের পাশাপাশি বেশ কিছু ভিন্নধর্মী সূচকও ব্যবহার করেন ক্লেমেন্ট। তার মডেলে মাথাপিছু জিডিপি, দেশের জনসংখ্যা, আবহাওয়ার তাপমাত্রাসহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচক যুক্ত করে সম্ভাব্য ফলাফল নির্ধারণ করা হয়। চলতি বছরের ৯ এপ্রিল প্রকাশিত তার গবেষণাপত্রে আরও দাবি করা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে শিরোপা জিতবে নেদারল্যান্ডস। তবে ক্লেমেন্টের সব পূর্বাভাস যে শতভাগ নির্ভুল, তা নয়।