
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী তৃতীয় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় আয়োজক প্রতিষ্ঠান বিকেএসপির পাশাপাশি কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করেন। মোট ৫০ জন জিমন্যাস্ট এ প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করে।
প্রতিযোগিতায় দলগতভাবে বিকেএসপির ছেলে ও মেয়ে উভয় দলই অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ দলগতভাবে রানার্সআপ হয়। ছেলেদের ১০টি ইভেন্টে বিকেএসপি চারটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও পাঁচটি তাম্রপদক অর্জন করে। মেয়েদের ছয়টি ইভেন্টে বিকেএসপি ছয়টি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও তিনটি তাম্রপদক লাভ করে।
সব মিলিয়ে বিকেএসপি মোট ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও আটটি তাম্রপদক অর্জন করে দলগত চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।
অন্যদিকে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ছেলেদের বিভাগে ছয়টি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি তাম্র এবং মেয়েদের বিভাগে একটি রৌপ্য ও চারটি তাম্রপদকসহ মোট ছয়টি স্বর্ণ, দুইটি রৌপ্য ও সাতটি তাম্রপদক অর্জন করে দলগত রানার্সআপ ট্রফি লাভ করে। প্রতিযোগিতায় বিকেএসপির কৃতি জিমন্যাস্ট বনফুলী চাকমা চারটি ইভেন্টে অংশগ্রহণ করে চারটিতেই স্বর্ণপদক অর্জন করে সেরা জিমন্যাস্ট নির্বাচিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। তিনি বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও সনদপত্র তুলে দেন। এ সময় বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ), জিমন্যাস্টিক বিভাগের চিফ কোচ, প্রশিক্ষকবৃন্দ এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা মনে করেন, বিকেএসপি কাপ জিমন্যাস্টিক প্রতিযোগিতা দেশের উদীয়মান জিমন্যাস্টদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং জাতীয় পর্যায়ে জিমন্যাস্টিকসের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি