
আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারানোর ম্যাচে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসেছিলেন নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিজ ক্লাভেনেস। সে সময় তার পরনে ছিল বর্তমানে দেশটির সবচেয়ে জনপ্রিয় পোশাক- ফুটবল দলের লাল জার্সি। ব্লেজারের নিচে জার্সি পরে উপভোগ করেন শেষ ১৬ নিশ্চিত করতে আর্লিং হলান্ডের করা গোলটি। নরওয়ে ফুটবল প্রধান জার্সি পরে খেলা উপভোগ করতে পারলেও দেশটিতে অনেক সমর্থক এখনও জার্সিই খুঁজে পাননি। বাড়তি চাহিদায় দেশজুড়ে তৈরি হয়েছে হাহাকার। দলের একটি জার্সি খুঁজে পেতে তারা হন্যে হয়ে আছেন । সরবরাহ কম থাকায় শেষ পর্যন্ত জার্সি পাবেন কি-না, তা নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে সংশয়। সমর্থকদের মধ্যে জার্সি নিয়ে তৈরি হওয়া এমন উন্মাদনায় বেশ অবাক ক্লাভেনেস। আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয়ের পর বলেন, এই বিষয়টি খতিয়ে দেখতে চান। ‘সবাই বুঝতে পারছি, জার্সির চাহিদা অনেক। এই চাহিদা আমাদের অবাক করেছে, নাকি উৎপাদনে সমস্যা, তা খতিয়ে দেখব।’
১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলছে নরওয়ে। ২৮ বছর বিরতির পর ফিরে ইতোমধ্যে নিশ্চিত করেছে শেষ ষোলো। দলের এমন সাফল্যে জার্সির চাহিদা বেড়েছে বহুগুণে। নরওয়ের টিভি টু তাদের প্রতিবেদনে জানায়, যেসব দোকানে জার্সি পাওয়া যাচ্ছে, সেখানে সমর্থকদের লম্বা লাইন দেখা গেছে। চাহিদা এতোটাই বেড়েছে, সমর্থকরা কয়েক মিনিটের মধ্যে জার্সি কিনে দোকান ফাঁকা করে ফেলছে। নরওয়ে রাজধানী অসলোর এক জার্সি বিক্রেতা বলেন, এমন চাহিদা তার কাছে অবিশ্বাস্য ঠেকেছে। ‘অবিশ্বাস্য চাহিদা। আমরা দেখা সবচেয়ে পাগলাটে বিষয়। এটি সত্যিই দূর্দান্ত। যারা নরওয়ের জার্সি চাচ্ছেন, তাদেরকে দিতে না পারা সত্যিই দুঃখজনক। দিনশেষে গ্রাহকরা যেসব ফুটবল সামগ্রী চায়, তা সবটুকু সরবরাহ করতে চাই। কিন্তু যা থাকবে, এর বেশি তো আর বিক্রি করা সম্ভব নয়।’