ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতের সফর নিয়ে হঠাৎ বড় খবর

ক্রীড়া প্রতিমন্ত্রীর কথায় মিলল ইঙ্গিত
ভারতের সফর নিয়ে হঠাৎ বড় খবর

বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ হবে কি না, তা নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা! এবার সেই ধোঁয়াশা কাটার ইঙ্গিত মিলেছে। সিরিজটি মাঠে ফেরাতে দুই দেশের শীর্ষ পর্যায়ে শুরু হয়েছে আলোচনা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কথাও হয়েছে। আর তাতেই সিরিজটি নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রীড়া প্রতিমন্ত্রীকেও অবহিত করেছেন।

স্থগিত হয়ে থাকা বাংলাদেশ-ভারত সিরিজটি দ্রুত মাঠে গড়ানোর সম্ভাবনা দেখছেন আমিনুল। তিনি বলেন, ‘ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে, তারাও খুব আশাবাদী। গত বিশ্বকাপ থেকে যে দোটানা তৈরি হয়েছে তা খুব দ্রুতই সমাধান করতে পারব। এখন পর্যন্ত আশাবাদী, বাংলাদেশ-ভারত সিরিজটি দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আলোচনা হয়েছে এর মাধ্যমে সমাধান করে ফেলতে পারব।’ শুধু আলোচনা নয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তার বক্তব্য, সিরিজটিকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি মাধ্যম হিসেবেও দেখা হচ্ছে।

আমিনুল বলেন, ‘আমরা বিষয়টি দ্রুত সমাধান করতে চাই। আমি আশা করি স্পোর্টসের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখব। যে দোটানা তৈরি হয়েছে তা স্মুথলি রান করতে চাই।’ তবে কেন বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটিও স্পষ্ট করেছেন আমিনুল। তার মতে, গত বিশ্বকাপকে কেন্দ্র করে আগের সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রভাব পড়েছে দুই দেশের সম্পর্কে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, গত বিশ্বকাপকে কেন্দ্র করে বিগত সরকার যে হটকারি সিদ্ধান্ত নিয়েছে, হঠাৎ করে বিশ্বকাপ খেলতে না যাওয়া, একজন স্পোর্টসম্যান হিসেবে আমি মেনে নিতে পারি না। এটা সঠিক হয়নি। এটাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যে দোটানা তৈরি হয়েছে, আমি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। তারাও ভারতীয় হাইকমিশন থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন।’ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার বিষয়টিও নিশ্চিত করেছেন আমিনুল।

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললাম। তিনি অত্যন্ত আশাবাদী। তিনি ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। খুব ইতিবাচকভাবে তিনি বলেছেন, আমরা দ্রুতই ভারত-বাংলাদেশ সিরিজ, কীভাবে দ্রুত খেলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি!’ বাংলাদেশ-ভারত সিরিজ এখন শুধু ক্রিকেট বোর্ডের আলোচনার টেবিলে নেই। বিষয়টি পৌঁছে গেছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়েও। সেই আলোচনার ফলেই সিরিজটি নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী। এখন প্রশ্ন একটাই-কবে আবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত? চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও আমিনুলের বক্তব্যে অন্তত সেই দেখা যাচ্ছে কিছুটা আশার আলো!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত