
বাংলাদেশ উশু ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গতকাল মঙ্গলবার ফেডারেশনের ৯৩টি নিবন্ধিত ক্লাবকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদপত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে নবসজ্জিত অফিস কক্ষের উদ্বোধন করা হয়েছে। এদিন জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। এ ছাড়া বক্তব্য দেন সহসভাপতি এস এম শহিদুল হক ভূঁইয়া ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেল। প্রধান অতিথি দেশের উশু খেলায় তৃণমূল পর্যায়ে বিস্তার এবং নিবন্ধিত ক্লাবগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, সুশৃঙ্খল ও কার্যকর ক্লাব ব্যবস্থাপনা উশুর ভিত আরও মজবুত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পথ প্রশস্ত করবে।
ফেডারেশন সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া ৯৩টি ক্লাবকে সনদ প্রদানকে ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি উশুর উন্নয়ন ও সম্প্রসারণে ক্লাবগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ক্লাব প্রতিনিধিদের হাতে সনদ তুলে দেওয়ার পাশাপাশি ফেডারেশনের নবসজ্জিত কার্যালয়ের উদ্বোধন করা হয়। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কর্মকর্তা, জেলা ও ক্লাব প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং উশু সংশ্লিষ্ট ব্যক্তিরা।