ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

অর্থ সংকটে বন্ধ সাফের বয়সভিত্তিক টুর্নামেন্ট

অর্থ সংকটে বন্ধ সাফের বয়সভিত্তিক টুর্নামেন্ট

দক্ষিণ এশিয়ার ফুটবলে বয়সভিত্তিক খেলোয়াড়দের প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট।

এএফসি বয়সভিত্তিক বাছাইয়ের আগে নিয়মিত এই প্রতিযোগিতা আয়োজন করে আসছিল সাফ। তবে এবার অর্থ সংকটে পুরুষ ও নারী, দুই বিভাগেই অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না দক্ষিণ এশীয় ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থাটি।

গত বৃহস্পতিবার পুরুষ অনূর্ধ্ব-১৭ এএফসি বাছাই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী নভেম্বরে এশিয়ার সাতটি দেশে হবে বাছাইপর্বের ম্যাচ। এর আগে বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দলগুলোকে প্রস্তুতির সুযোগ দেওয়া হলেও এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল জানিয়েছেন, মূলত আর্থিক সংকটের কারণেই এবার টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি সাফের মার্কেটিং পার্টনার পরিবর্তনের বিষয়টিও প্রভাব ফেলেছে। তবে ভবিষ্যতে আবার বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাফের আয়ের প্রধান উৎস সিনিয়র পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে সর্বশেষ আসর অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ বিরতি চলছে। এবার আগামী নভেম্বরে ঢাকায় বসতে যাচ্ছে প্রতিযোগিতাটির নতুন আসর। বিশ্বকাপ ফুটবলের পর এক অনুষ্ঠানে টেকনোর নামে টুর্নামেন্টের লোগোও উন্মোচন করা হয়েছে।

বাংলাদেশি প্রতিষ্ঠান টিএসএ এবার সাফ চ্যাম্পিয়নশিপের মার্কেটিং পার্টনার হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি টুর্নামেন্টের স্পন্সর ও মার্কেটিং-সংক্রান্ত বিষয়গুলো দেখবে।

বিনিময়ে সাফ একটি নির্দিষ্ট আর্থিক অঙ্ক পাবে। তবে অর্থনৈতিকভাবে সাফ এই চুক্তি থেকে কতটা লাভবান হবে, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ ২০২১ সালে মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পর অর্থ আদায় করতে বেশ বিড়ম্বনায় পড়েছিল সংস্থাটি। এবার নতুন মার্কেটিং পার্টনারের সঙ্গে চুক্তি সাফের আর্থিক সংকট কতটা কাটাতে পারে, তা সময়ই বলে দেবে।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে সাফের প্রশাসনিক ব্যয়ও বেড়েছে। গঠনতন্ত্র সংশোধন, এজিএম ও নির্বাহী কমিটির সভাসহ বিভিন্ন কার্যক্রমে গত এক বছরে উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে। বিভিন্ন টুর্নামেন্টে কর্মকর্তা-কর্মচারীদের সফর ও দৈনিক ভাতার ব্যয়ও আগের তুলনায় বেড়েছে। ফলে একদিকে বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে প্রয়োজনীয় টুর্নামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে প্রশাসনিক ব্যয় বাড়ছে। এতে সাফের আর্থিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত