ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এনএসসির পুরোনো ভবনে হবে আধুনিক ইনডোর কমপ্লেক্স

এনএসসির পুরোনো ভবনে হবে আধুনিক ইনডোর কমপ্লেক্স

'জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো পাঁচতলা ভবনটি ভেঙে সেখানে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসম্পন্ন একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে| ইতোমধ্যে এ নিয়ে কার্যক্রমও শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ', গতকাল রোববার ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসে কথাগুলো বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক| এ সময় ফেডারেশনের সভাপতি ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানা এবং সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন| প্রতিমন্ত্রী আরও বলেন, 'ভবনটি নতুন করে গড়ে তুলতে দেশি ও বিদেশি কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চলছে| তাদের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানের সব ধরনের ইনডোর ক্রীড়া সুবিধা ও প্রয়োজনীয় ফ্যাসিলিটি রাখার পরিকল্পনা করা হচ্ছে|' তিনি যোগ করেন, 'দ্রুতই পুরোনো ভবনটি ভেঙে সেখানে একটি বড় হাইরেজ ভবন নির্মাণের লক্ষ্য রয়েছে| সেই ভবনে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসহ প্রয়োজনীয় সব ফ্যাসিলিটি রাখা হবে| এর মাধ্যমে আধুনিক ও উন্নত পরিবেশে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে| তার আগ পর্যন্ত এনএসসির জিমন্যাশিয়ামটি জিমন্যাস্টিকস ও তায়কোয়ান্দো সমানভাগে অনুশীলনের জন্য ব্যবহার করবে|' এদিকে ফেডারেশন কাপ তায়কোয়ান্দোর সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর জয়জয়কার| সিনিয়র পুরুষ বিভাগে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)| দুদলই চারটি করে স্বর্ণ ও রৌপ্য এবং আটটি ব্রোঞ্জপদক জিতেছে| রানার্সআপ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা জিতেছে চারটি ব্রোঞ্জ| অন্যদিকে সিনিয়র মহিলা বিভাগে চারটি স্বর্ণ ও ২টি রৌপ্য জিতে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী| দুইটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়েছে বিজিবি|

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত