
দলবদলের বাজারে একের পর এক চমক দেখাচ্ছে নিষেধাজ্ঞামুক্ত বসুন্ধরা কিংস| ঘরোয়া ফুটবলের সফলতম ক্লাবগুলোর একটি এবার শিবিরে ভেড়াতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা কেপ ভার্দের তারকা উইঙ্গার দিয়াজ কোরেইয়া, যিনি ফুটবলবিশ্বে 'বেবে' নামে পরিচিত| ৩৬ বছর বয়সী এই পর্তুগিজ বংশোদ্ভূত ফুটবলার ২০২৬-২৭ মৌসুমে বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠে নামবেন| ক্লাবটির বিশ্বস্ত সূত্রে তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে| এবারের দলবদলে এটিই কিংসের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে| কেপ ভার্দেকে বিশ্বকাপের মূল পর্বে নিতে বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেবে| ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের নজরকাড়া পারফরম্যান্সেও ছিল তার অবদান| ২০২২ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ২৬ ম্যাচে ছয় গোল করেছেন এই উইঙ্গার| পর্তুগালে জন্ম ও বেড়ে ওঠা বেবে দেশটির অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন| সেই পর্যায়ে ছয় ম্যাচে মাঠে নামলেও পর্তুগালের সিনিয়র জাতীয় দলে আর সুযোগ পাননি| পরে কেপ ভার্দের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের পরিচিতি তৈরি করেন তিনি| ক্লাব ফুটবলে বেবের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায় ম্যানচেস্টার ইউনাইটেড| পর্তুগিজ ক্লাব ভিক্টোরিয়া এসসিতে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই প্রিমিয়ার লিগের জায়ান্টরা তাকে দলে নেয়| তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে নিয়মিত খেলার সুযোগ পাননি তিনি| এরপর তাকে তুরস্ক ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে ধারে পাঠানো হয়| স্পেনের রায়ো ভালেকানোর হয়ে সবচেয়ে বেশি সময় খেলেছেন বেবে|