
একই প্রতিপক্ষ, একই মঞ্চ-শুধু গল্পটা এবার বদলে গেল! গত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে যে আক্ষেপ জমেছিল, ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চেই তার জবাব দিল আর্জেন্টিনা| গতকাল রোববার আমস্টারডামে মেয়েদের হকি বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে ডাচদের ৩-১ ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো তারা| ফাইনালে আর্জেন্টিনার মেয়েরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল সেই নেদারল্যান্ডসকেই, যাদের কাছে আগের আসরের ফাইনালে হারতে হয়েছিল| এবার আর কোনো আক্ষেপ নয়| আমস্টারডামের ফাইনালে ডাচদের ৩-১ গোলে হারিয়ে টাইব্রেকারে শিরোপা নিশ্চিত করেছে আর্জেন্টিনা| নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ১-১ সমতায়|
মেয়েদের হকি বিশ্বকাপ ফাইনালে ফাইনালের শুরু থেকেই দুই দলের লড়াইয়ে ছিল টানটান উত্তেজনা| প্রথমার্ধ প্রায় শেষ হওয়ার মুখে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন ইবি ইয়ানসেন| প্রথমার্ধ শেষ হওয়ার মাত্র ৫১ সেকেন্ড আগে পাওয়া বিশ্বকাপের ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার কাজে লাগান তিনি| বাঁ দিক দিয়ে ছুটে আসা তার শক্তিশালী শট জালে জড়াতেই গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে| এই গোলেই এবারের বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় আটে, যা আসরে সর্বোচ্চ| লিড পাওয়ার পর নেদারল্যান্ডস ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে| কিন্তু শেষ কোয়ার্টারে বদলে যায় দৃশ্যপট|