
ছেলেদের হকিতে যখন একের পর এক হারের হতাশা, মেয়েদের হাত ধরে তখন ঠিক উল্টো ছবিই দেখছে বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপে যেন জয়ের মঞ্চটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী হকি দল। চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে আসর শুরু করার পর দ্বিতীয় ম্যাচেও থামেনি তাদের জয়রথ।
এবার পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গতকাল রোববার চীনের মকির ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের ওপর চাপ তৈরি করে বাংলাদেশ।
নবম মিনিটেই সেই চাপের ফল আসে। ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন লোমিনা নূপুর। প্রথম কোয়ার্টারে এক গোলের লিড নিয়েই সন্তুষ্ট থাকেনি বাংলাদেশ।
১৯ মিনিটে নাদিরা এমার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দুই গোলে পিছিয়ে পড়ে রক্ষণাত্মক হয়ে যায় পাকিস্তান। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণও বাংলাদেশের আক্রমণের ধার কমাতে পারেনি। বরং সুযোগ খুঁজতে থাকে একের পর এক। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন শারিকা রিমন।
তৃতীয় গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ়ভাবে চলে আসে বাংলাদেশের হাতে। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য পাকিস্তান একটি গোল ফিরিয়ে দিয়ে ম্যাচে ফেরার ক্ষীণ আশা তৈরি করে। ৪১ মিনিটে শারিকার গোলে ব্যবধান কমে দাঁড়ায় ৩-১। তবে সেই আশা স্থায়ী হতে দেয়নি বাংলাদেশের মেয়েরা। মাত্র দুই মিনিট পরই কনা আক্তারের গোলে আবার তিন গোলের ব্যবধান তৈরি হয়। এরপর ম্যাচের শেষভাগে ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তার রিয়ার গোল আসে। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
দুই ম্যাচে বাংলাদেশের গোলসংখ্যা এখন ১২, বিপরীতে হজম করেছে মাত্র একটি। চায়নিজ তাইপের বিপক্ষে ৭ গোলের পর পাকিস্তানের জালে আরও পাঁচবার বল পাঠিয়ে চ্যালেঞ্জার পুলে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে দলটি। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এখন পুলের শীর্ষে বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের এটি দ্বিতীয় অংশগ্রহণ। ২০২৪ সালের আসরে নবম হওয়া দলটি এবার শুরু থেকেই দেখাচ্ছে অনেক বেশি আত্মবিশ্বাসী ও ধারালো ফুটবল-না, হকির আক্রমণভাগ। বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবার রয়েছে এলিট পুলে!
দশ দলের এবারের প্রতিযোগিতায় চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে আছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। অন্যদিকে এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে খেলছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এলিট পুলের পাঁচ দলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।
তবে তার আগে বাংলাদেশের সামনে আরেকটি পরীক্ষা।
টানা দুই জয়ের পর তৃতীয় ম্যাচে পরশু কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স বলছে, এই দলটি এবার শুধু অংশ নিতে আসেনি-জয়ের ধারাটা আরও দূর পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্যেই ছুটছে। শুরুটা যেভাবে হয়েছে, তাতে এবার শুধু গ্রুপ পেরোনো নয়, বড় কিছু করার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ!