
নানা জটিলতায় প্রায় চার বছর ধরে ঝুলে থাকার পর কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার করার জন্য জমি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে জমির দলিল পেয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। বাফুফে এক বিজ্ঞপ্তিতে কক্সবাজারের রামুতে ১৫ দশমিক ২০ একর জমি বুঝে পাওয়ার বিষয়টি জানিয়েছে। প্রায় চার বছর আগে, কাজী সালাউদ্দিন সভাপতি থাকার সময় এই প্রকল্প আসে বাফুফের কাছে। সেসময় সরকারের কাছ থেকে ২০ একর জমি বরাদ্দ পায় বাফুফে। কিন্তু রামুর খুনিয়াপালংয়ের সংরক্ষিত বনাঞ্চল থাকায় সেখানে টেকনিক্যাল সেন্টার নির্মাণ নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো আপত্তি জানালে ঝুলে যায় বিষয়টি। পরে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে সেই বরাদ্দ বাতিল করে অন্যত্র জমি খুঁজতে বলে। তাতে টেকনিক্যাল সেন্টারের ভবিষ্যৎ পড়ে যায় অনিশ্চয়তার মুখে। সেই জটিলতার অবসান হয়েছে এবার। ফিফার শর্ত পূরণ করে ৩০ বছরের জন্য স্থায়ীভাবে জমির লিজ পেয়েছে বাফুফে। গতকাল সোমবার কক্সবাজারে স্থানীয় জেলা প্রশাসক এম এ মান্নান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জমি হস্তান্তর নিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। আগের পরিকল্পনা অনুযায়ী এই টেকনিক্যাল সেন্টারে তিনটি ফুটবল মাঠ, খেলোয়াড়-কোচদের জন্য দুটি চারতলা ডরমিটরি, জিমনেসিয়াম, সুইমিংপুল, চিকিৎসা ও পুনর্বাসন-সুবিধা, ক্যানটিন এবং কনফারেন্স কক্ষসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকার কথা রয়েছে।