
এশিয়ান প্যারা গেমস প্রশিক্ষণ ক্যাম্পের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে (এনপিসি বাংলাদেশ) ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিশ্রুত ২০ লাখ টাকার অংশ হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ হস্তান্তর করা হয়।
জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠেয় এশিয়ান প্যারা গেমস সামনে রেখে চলমান প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং প্যারা অ্যাথলেটদের প্রস্তুতি জোরদার করাই এই সহায়তার মূল উদ্দেশ্য।
অর্থ হস্তান্তর অনুষ্ঠানে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম, মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, উপমহাসচিব মো. হেদায়েতুল আজিজ, কোষাধ্যক্ষ মো. আসিফুল হাসান মাসুদ ও নির্বাহী সদস্য মো. মোস্তাক সরকার। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তরিকুল ইসলাম, পরিচালক সোনা মনি চাকমা, উপপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম, মো. সেলিম হোসেন এবং সহকারী পরিচালক ড. মো. রেজাউল কবির বিএমএস।
এই আর্থিক সহযোগিতা প্যারা অ্যাথলেটদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় সহায়তা, ক্যাম্প পরিচালনা ও ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে এনপিসি বাংলাদেশ।
সহযোগিতার জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এনপিসি বাংলাদেশের কর্মকর্তারা। একই সঙ্গে দেশের প্যারা ক্রীড়ার উন্নয়ন, অ্যাথলেটদের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে সংস্থাটি।