
একটি প্রীতি ম্যাচ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে বেইজিংয়ে। টিকিটের দাম সর্বোচ্চ প্রায় ৬৮০ মার্কিন ডলার, প্রায় ৮৫ হাজার টাকা! সাধারণ কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য এমন দাম শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু ২০২৩ সালে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ম্যাচে সেটিই হয়েছিল। কারণ, মাঠে ছিলেন লিওনেল মেসি। আর মেসি থাকলে আর্জেন্টিনার একটি ম্যাচ আর শুধু একটি ফুটবল ম্যাচ থাকে না, সেটি হয়ে ওঠে বৈশ্বিক এক বাণিজ্যিক আয়োজন। সেই মেসিই এখন আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন। আর্জেন্টিনার জন্য তাই ক্ষতিটা শুধু মাঠের নয়। বিশ্বচ্যাম্পিয়ন দলটি হারাতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় বৈশ্বিক আকর্ষণকে। এর প্রভাব পড়তে পারে জার্সি বিক্রি থেকে স্পন্সরশিপ, প্রীতি ম্যাচের আয়োজন থেকে ম্যাচপ্রতি আয়ের অঙ্ক-সবখানেই! দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) মেসিকে একটি বিশেষ বাণিজ্যিক সম্পদ হিসেবে ব্যবহার করতে পেরেছে। অন্য কোনো জাতীয় দলের হাতে এমন একজন খেলোয়াড় ছিল না, যাকে দেখার জন্য সমর্থকেরা শুধু নিজের দেশের বাইরে নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটেছেন। আর্জেন্টিনার বর্তমান দলেও তারকার কমতি নেই। জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ কিংবা লাউতারো মার্তিনেস-প্রত্যেকেই আন্তর্জাতিক ফুটবলে প্রতিষ্ঠিত নাম। কিন্তু মেসির সঙ্গে তাদের তুলনাটা এখনও কঠিন। কারণ মেসির জনপ্রিয়তা শুধু তার ফুটবল দক্ষতা থেকে তৈরি হয়নি; সেটি গত দুই দশকে একটি বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। এর সবচেয়ে সহজ উদাহরণ আর্জেন্টিনার জার্সি। আকাশী-সাদা জার্সির পেছনে-মেসি ১০ লেখা থাকলেই সেটি হয়ে উঠত আলাদা এক পণ্য। সেই জার্সি কিনতেন এমন অনেক মানুষও, যারা আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক নন। তারা কিনতেন মেসির ভক্ত হিসেবে। খুচরা জার্সি বিক্রির বড় অংশের অর্থ অবশ্য যায় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের কাছে। কিন্তু এএফএর লাভটা ছিল অন্য জায়গায়। মেসিকে ঘিরে জার্সির বিপুল চাহিদা আর্জেন্টিনা ব্র্যান্ডের মূল্য বাড়িয়েছে। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে স্পন্সরদের সঙ্গে আলোচনায় নিজেদের অবস্থান শক্ত করেছে এএফএ। অ্যাডিডাসের সঙ্গে এএফএর চুক্তি ২০৩৮ সাল পর্যন্ত। ফলে মেসির অবসরের পরপরই জার্সি ব্যবসা থেকে বড় ধরনের আর্থিক বিপর্যয় নাও আসতে পারে। কিন্তু ভবিষ্যতে নতুন বাণিজ্যিক চুক্তির সময় মেসির উপস্থিতিকে আর দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।