ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

জাকার্তায় পৌঁছেছে জামাল ভূঁইয়ারা

হামজা-শামিতরা যোগ দেবেন সোমবার
জাকার্তায় পৌঁছেছে জামাল ভূঁইয়ারা

প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে। শনিবার রাতে ঢাকা ত্যাগ করে জামাল ভূঁইয়ারা গতকাল রোববার সকালে জাকার্তায় পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষ করে ফুটবলারদে হোটেলে উঠতে সকাল ১১ টা বেজে যায়। আসিয়ান কাপের স্কোয়াড ২৩ সদস্যের হলেও টমাস ডুলি জাকার্তা গেছেন ২২ জন নিয়ে।

ভিসা জটিলতায় দলের সাথে যেতে পারেননি সোহেল রানা জুনিয়র। জটিলতা শেষ করে রোববার বা সোমবার তাকে জাকার্তাগামী বিমানে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে বাফুফে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগেই ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে খেলোয়াড়দের বিশ্রামের পাশাপাশি স্থানীয় আবহাওয়া, সময় ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই আগেভাগে দেশটিতে গেছে দল। জাকার্তায় পৌঁছে গতকাল কিছুটা বিশ্রাম নেন খেলোয়াড়রা। এরপর সন্ধ্যা ৭টায় অনুশীলন করেন। ২২ সেপ্টেম্বরের পর ফিফার ব্যবস্থাপনায় নির্ধারিত অনুশীলন মাঠ ব্যবহারের সুযোগ পাবে বাংলাদেশ। তার আগে বাফুফের ব্যবস্থাপনায় অনুশীলনের মাঠ ঠিক করা হয়েছে। ফলে ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পরপরই প্রস্তুতিতে ছন্দপতনের শঙ্কা নেই দলের।

তবে জাকার্তায় পৌঁছেও পূর্ণ শক্তির দল পাচ্ছেন না কোচ থমাস ডুলি। হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলী ওহেদ দলের সঙ্গে একই ফ্লাইটে আসেননি। বাংলাদেশ সময় অনুযায়ী আজ তারা ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবেন। ২১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। এই তিন খেলোয়াড় যোগ দেওয়ার পরই আসন্ন টুর্নামেন্টের জন্য ডুলির হাতে পূর্ণ ২৩ সদস্যের দল পাওয়া যাবে।

২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে হামজা চৌধুরীর দল। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে জাকার্তায় কয়েক দিন অনুশীলন ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত