
চাইনিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে হারিয়ে পদক জয়ের কাছে বাংলাদেশ। গতকাল সোমবার জাপানের নাগোয়ায় চাইনিজ তাইপে বনাম বাংলাদেশের ম্যাচটিতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। কখনও চাইনিজ তাইপে লিড নিয়েছে, আবার কখনও এগিয়ে ছিল বাংলাদেশ। একেবারে শেষ মিনিটে বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছে। রেফারির ম্যাচ শেষের বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ খেলোয়াড়রা। পদক এখনও নিশ্চিত না হলেও বাংলাদেশ যেন পদক জয়ের উল্লাসই করেছে।
টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ পদক জয়ের পথে। আজ অপেক্ষাকৃত দুর্বল জাপানকে হারালেই বাংলাদেশের গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত হবে। পুরুষ কাবাডিতে বাংলাদেশ পড়েছে 'এ' গ্রুপে। ভারত, দক্ষিণ কোরিয়া, চায়নিজ তাইপে ও স্বাগতিক জাপানের সঙ্গে রয়েছে বাংলাদেশ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। কাবাডিতে চার সেমিফাইনালিস্টই পদক পায়। ভারত এই গ্রুপের টপ ফেভারিট। চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ রানার্সআপ হওয়ার দৌঁড়ে রয়েছে। চাইনিজ তাইপের কাছে হেরে বাংলাদেশ গত এশিয়াডে ব্রোঞ্জ পায়নি। তাই গতকাল শুরু থেকে বাংলাদেশ সতর্ক ছিল। এক পর্যায়ে বাংলাদেশ ৭ পয়েন্টে এগিয়ে ছিল। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের ভুলে তাইপে কিছু পয়েন্ট আদায় করে। এতে ২৪-২০ পয়েন্টে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যেখানে চাপে রাখার কথা সেখানে উল্টো চাপে পড়ে। এক পর্যায়ে তাইপে ৩৬-৩৫ পয়েন্টের লিড নেয়। মিনিট চারেক আগে বাংলাদেশ লিড নিয়ে ৪০-৩৯ করে। তাই শেষ তিন মিনিট খুব স্নায়ুযুদ্ধ হয়। শেষ হাসি বাংলাদেশই হেসেছে।