
ব্যালন ডি'অর নিয়ে ফুটবল দুনিয়ায় আবারও গরম আলোচনা চলছে। কে পাবেন এই মর্যাদাপূর্ণ পুরস্কার, এই প্রশ্ন নিয়ে সাবেক খেলোয়াড় থেকে শুরু করে এবারের সংক্ষিপ্ত তালিকায় থাকা নামগুলো পর্যন্ত সবাই মুখ খুলছেন। এরই মধ্যে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি নিজেকে শক্তিশালী দাবিদার হিসেবে দেখছেন। আর যদি শেষ পর্যন্ত পুরস্কারটি না আসে, তাহলে সত্যিই হতাশ হবেন। ফরাসি গণমাধ্যম আরএফআইকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে বলেন, একজন খেলোয়াড়ের ব্যক্তিগত অর্জনই ব্যালন ডি'অরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড হওয়া উচিত। তিনি দাবি করেন, এই মৌসুমে তিনি দারুণ ব্যক্তিগত পারফরম্যান্স দেখিয়েছেন। সব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাই তার মতে, দলীয় সাফল্যের বাইরে গিয়েও এই অর্জনগুলোই তাকে পুরস্কারের দৌড়ে এগিয়ে রাখে। এমবাপে স্বীকার করেন, প্রতিযোগিতামূলক মানসিকতার কারণেই তিনি হতাশা অনুভব করবেন যদি পুরস্কার হাতছাড়া হয়।