ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

টেস্ট চ্যাম্পিয়নশিপ

ফাইনালে খেলার এখনই উপযুক্ত সময় বাংলাদেশের

—মুশতাকের দাবি
ফাইনালে খেলার এখনই উপযুক্ত সময় বাংলাদেশের

কিছুদিন আগেও যা ছিল স্বপ্নের সীমানার বাইরে, এখন সেটিই প্রেরণাময় হাতছানি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে রূপকথার মতো এক জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাটা বাংলাদেশের জন্য এখন আর অলীক কল্পনা নয়। কাজটা যদিও এখনও অনেক কঠিন। অপেক্ষায় অনেক চ্যালেঞ্জ। তবে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ প্রত্যয়ী কণ্ঠে বলছেন, ফাইনালে জায়গা করে নেওয়ার উপযুক্ত সময় এখনই। ডারউইনে জয়ের পর ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। তার পরও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দেশের মাঠে আগামী মাসের সিরিজটি ২-০ ব্যবধানের জয় খুবই সম্ভব। এরপর কঠিন পরীক্ষা হবে দক্ষিণ আফ্রিকা সফরে। বাংলাদেশের চক্র শেষ হবে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে সিরিজ দিয়ে। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারলেও ফাইনাল নিশ্চিত করতে বন্ধুর পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। তবে মিরপুরে স্পিন বোলিং কর্মশালা শেষে গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুশতাক বললেন, তিনি দারুণ আশাবাদী। "(ফাইনালে খেলার সম্ভাবনা) স্রষ্টা চাইলে, কেন নয়? আমরা এখন দারুণ অবস্থানে আছি। যদি ভালো ক্রিকেট খেলতে পারি এবং বিশ্বাস রেখে ভালো খেলতে থাকি, তাহলে শেষ পর্যন্ত যাওয়ার এটাই উপযুক্ত সময়।" বাংলাদেশের সম্ভাবনার পালে জোর হাওয়া দিয়েছে যে জয়, ডারউইনের সেই জয়টি নিয়ে আগে থেকেই বিশ্বাস ছিল মুশতাকের। "অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে আমি ইংল্যান্ডে ছিলাম। সেখানে ইংলিশ গণমাধ্যম ও বন্ধু-বান্ধবদের বলেছি, অস্ট্রেলিয়াকে আমরা তাদের মাটিতে হারাতে পারি। এর কৃতিত্ব ক্রিকেটারদের। তারা আসলেই কঠোর পরিশ্রম করেছে। এই কৃতিত্ব সবারই প্রাপ্য।" ডারউইনের সেই জয়ে দারুণ এক ফিফটির পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ জয়ের পর মিরাজ বলেছিলেন, মুশতাকের অনুপ্রেরণা দারুণ কাজে লেগেছে তার। পাকিস্তানের স্পিন গ্রেট এবার জানালেন, মিরাজের সঙ্গে তখন তার কী আলোচনা হয়েছি। "আমি মনে করি, বিষয়টি বেশ সাধারণ। আপনাকে চিন্তা করতে হবে ব্যাটসম্যানদের আউট করতে ভালো বোলিং করতে হবে। উইকেট বুঝতে হবে। কতটুকু ওভার স্পিন করাবেন, কতটুকু স্পিন করবে। এছাড়া কতটুকু অ্যাঙ্গল ব্যবহার করবেন, ক্রিজের কতটুকু বাইরে করবেন নাকি স্ট্যাম্পের কাছে করবেন, এসব ট্যাকটিক্যাল বিষয়। বুঝতে হবে পরিস্থিতি কী। স্পিন বিভাগ কখন বোলিংয়ে আসবে, কখন আসবে না। এটা রান দেওয়ার পরিস্থিতি নাকি উইকেট নেওয়ার মতো পরিস্থিতি। এই উইকেটে যখন টার্ন পাওয়া যাচ্ছে, তখন ফিল্ডিং কেমন হবে এবং ব্যাটসম্যানদের শক্তির জায়গা কী? এসব তাদেরকে শেখাতে হবে এবং তারপর অবশ্যই বলতে হবে একটি ভালো বল নয়, ভালো ওভার উইকেট এনে দেবে।" আন্তর্জাতিক ক্রিকেটে স্পিনারদের কীভাবে পারফর্ম করতে হবে, সেই টোটকাটাও দিয়ে রাখলেন বাংলাদেশের স্পিন কোচ। "পরিস্থিতি, কন্ডিশন এবং প্রতিপক্ষকে বুঝতে হবে। এই সব বিষয় যদি মাথায় থাকে, তবেই স্পিনারদের প্রস্তুত করতে পারবেন। আমি সবসময় বিশ্বাস করি, আপনি যখন কঠোর পরিশ্রম করবেন, যখন নেটে বেশি ঘাম ঝরাবেন, তখন খেলায় আপনাকে কম ঘাম ঝরাতে হবে। আমি বিশ্বাস করি, ছেলেরা অনেক পরিশ্রম করছে, তারা ভীষণ মনোযোগী, তারা বিশ্বাস করে যে কোনো ম্যাচে, যে কোনো দলকে, যে কোনো জায়গায় হারাতে পারে। আমাদের ফাস্ট বোলিং উন্নত হচ্ছে, আমাদের ব্যাটাররা উন্নত হচ্ছে, তাই সবকিছুই ঠিকঠাক ব্যাটে-বলে মিলছে। মাঝে মাঝে হয়তো একটু সময় লাগতে পারে।"

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত