ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

এশিয়ান গেমস ১০০ মিটার স্প্রিন্ট

সেমিতে বাংলাদেশের ইমরানুর

সেমিতে বাংলাদেশের ইমরানুর

দৌড়টা তার সেরা ছিল না। ঘড়ির কাঁটাও ছুটল তার স্বাভাবিক গতির চেয়ে ধীরে! তবু এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের পথ থামেনি। নিজের হিটে সরাসরি সেরা তিনে জায়গা করতে না পারলেও সময়ের বিচারে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে উঠে গেছেন সেমিফাইনালে। নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আজ ১০০ মিটার স্প্রিন্টের ছয়টি হিটের পঞ্চমটিতে দৌড়ান ইমরানুর। পাঁচ নম্বর লেনে থাকা বাংলাদেশের এই অ্যাথলেট হিট শেষ করেন চতুর্থ হয়ে। তার সময় ছিল ১০.৪৯ সেকেন্ড। ফলে নিজের হিট থেকে সরাসরি সেমিফাইনালের টিকিট মেলেনি! তবে ১০০ মিটারের লড়াইয়ে শেষ কথা বলে শুধু হিটের অবস্থান নয়, সময়ও। প্রতিটি হিটের প্রথম তিনজন সরাসরি পরের পর্বে জায়গা পান। তাদের বাইরে ছয়টি হিটের মধ্যে দ্রুততম আরও ছয়জনকে নেওয়া হয় সেমিফাইনালে। সেই হিসাবেই ইমরানুরের সামনে খুলে যায় পরের দরজা। ১০.৪৯ সেকেন্ড দৌড়ে সেরা ২৪ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। হিটে চতুর্থ হলেও অতিরিক্ত ছয় টাইমিংয়ের তালিকায় জায়গা করে নিয়ে সেমিফাইনালের ২২তম স্থানটি পেয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। তবে সংখ্যাটি ইমরানুরের জন্য খুব একটা স্বস্তির নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত