ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আইসিসির বড় সুখবর পেলেন শারমিন-স্বর্ণা

আইসিসির বড় সুখবর পেলেন শারমিন-স্বর্ণা

মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি মিলল আইসিসির র‍্যাঙ্কিংয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানো বাংলাদেশের দুই ক্রিকেটার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার এবার উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের আলোচনায়। নারী ওয়ানডে ব্যাটারদের সর্বশেষ তালিকায় দুজনেরই অবস্থানের উন্নতি হয়েছে। তবে শারমিনকে ছাড়িয়ে অগ্রগতির দৌড়ে এগিয়ে স্বর্ণা।

গতকাল মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন স্বর্ণা। ৩২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন যৌথভাবে ৮৬ নম্বরে। তার সঙ্গে একই অবস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কোয়েনা জোসেফ। অন্যদিকে পাঁচ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন শারমিন। তার সংগ্রহ ৫৬১ রেটিং পয়েন্ট। র‍্যাঙ্কিংয়ে এই উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে তাদের ব্যাটিং। সেদিন ৭১ বলে ৫৪ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন স্বর্ণা। শারমিনও কম যাননি। ৯৩ বলের মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ৫০ রান। দুজনের অর্ধশতকই ছিল ম্যাচের উল্লেখযোগ্য ব্যক্তিগত অর্জন।

বাংলাদেশের দুই ব্যাটারের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও। ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন এলিসা পেরি। অলরাউন্ডারদের তালিকায় তার অগ্রগতি আরও বেশি, ১৪ ধাপ এগিয়ে এখন ২৫ নম্বরে। একই ম্যাচে অপরাজিত অর্ধশতক করা অ্যানাবেল সাদারল্যান্ড ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি করে উঠে এসেছেন ১৩ নম্বরে। নারী টি-টোয়েন্টি বোলারদের তালিকায়ও পরিবর্তনের ছাপ রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ভারতের দাপটের প্রতিফলন দেখা গেছে র‍্যাঙ্কিংয়ে। প্রথম দুই ম্যাচে তিন উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া নন্দনী শর্মা এক লাফে ২৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠেছেন। ক্রান্তি গৌড়ের অগ্রগতি নয় ধাপ। তিনি এখন রয়েছেন ৪৩ নম্বরে। এই তালিকার শীর্ষ দুই জায়গায় অবশ্য ভারতের আধিপত্য অটুট। শ্রী চরণী আছেন এক নম্বরে, তার পরই দ্বিতীয় স্থানে দীপ্তি শর্মা।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পরও র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন অ্যানাবেল সাদারল্যান্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত