ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ডাবল সেঞ্চুরিতে জবাব নাঈম-মাহফিজুলের

ডাবল সেঞ্চুরিতে জবাব নাঈম-মাহফিজুলের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দল ঘোষণার পর বাংলাদেশের ওপেনিং পজিশন নিয়ে আলোচনাটা নতুন করে সামনে এসেছে। ১৫ সদস্যের দলে স্বীকৃত ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন কেবল তানজিদ হাসান ও সাদমান ইসলাম। জাতীয় দলের দরজা আপাতত বন্ধ থাকলেও বিকল্প হিসেবে আলোচনায় থাকা অন্য ওপেনাররা যে নিজেদের সামর্থ্য জানান দিতে প্রস্তুত, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে তারই যেন মহড়া দিলেন মোহাম্মদ নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন। গতকাল রোববার একই দিনে দুই ভেন্যুতে দুই ওপেনারের ব্যাট থেকে এসেছে দুটি বিশাল ইনিংস। রাজশাহীতে নাঈমের ব্যাট থেমেছে ২৮২ রানে। ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে। অন্যদিকে বগুড়ায় মাহফিজুল ইনিংস শেষ করেছেন ২১৭ রানে অপরাজিত থেকে। দুজনের এমন ব্যাটিংয়ে জাতীয় দলের বিকল্প ওপেনার খোঁজার আলোচনাও পেয়েছে নতুন মাত্রা!

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে ব্যাট হাতে রীতিমতো দাপট দেখিয়েছেন নাঈম। প্রথম দিন শেষে ১৭১ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান দ্বিতীয় দিনেও এগিয়েছেন একই ছন্দে। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল ১৮০ রানের। এবার সেই রেকর্ডকে অনেক পেছনে ফেলে পৌঁছে যান ২৮২-তে। ট্রিপল সেঞ্চুরির স্বপ্নটাও তখন আর খুব দূরের মনে হচ্ছিল না। কিন্তু স্পিনার রহিম আহমেদের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে কাভারে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে। ৩৬৯ বলের ইনিংসে ২১টি চার ও ৭টি ছক্কা মেরেছেন নাঈম। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের নতুন সর্বোচ্চ রানের ইনিংস গড়ার পাশাপাশি চলতি লিগেও ছুটছেন দুর্দান্ত গতিতে। ছয় ইনিংসে দুই সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরিতে তার সংগ্রহ এখন ৫৬১ রান। নাঈমের ২৮২-কে অবশ্য কিছুটা ছাপিয়ে গেছে মাহফিজুলের ধারাবাহিকতার গল্প। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ময়মনসিংহের হয়ে খেলতে নেমে প্রথম দিন শেষ করেছিলেন ১৫৬ রানে অপরাজিত থেকে। দ্বিতীয় দিনেও বড় ইনিংসের পথে কোনো তাড়াহুড়া করেননি ২২ বছর বয়সী এই ওপেনার। বরং ধৈর্য ধরে এগিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকে। প্রথম সেশনে ৬২ বলে যোগ করেন মাত্র ১৯ রান। বিরতির পরও ঝুঁকি এড়িয়ে ব্যাটিং চালিয়ে যান। শেষ পর্যন্ত ৩৩৮ বলে প্রথমবারের মতো দ্বিশতকের দেখা পান তিনি। এরপরও থামেননি। ইনিংসের দ্বিতীয় ছক্কাটি মেরে পৌঁছে যান ২১৭ রানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত