
চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভালো সময় কাটছে না বাংলাদেশের। গতকাল জাপানের বিপক্ষে মাত্র ১-০ গোলে হেরেছিল তারা। আর আজ নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে ৬-১ গোলের বড় ব্যবধানে। জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যপূরণ হয়নি। সপ্তম হয়ে দেশে ফিরলেও পাকিস্তান ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগ্রহী না হওয়ায় বাংলাদেশ সুযোগ পেয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩ গোল হজম করেছিল। সপ্তাহ চারেক আগে জাপানে এশিয়ান গেমস হার ছিল ১০ গোলের। আজ ভারতের জলন্ধরে ম্যাচের প্রথম কোয়ার্টারে মালয়েশিয়া এক গোলের লিড নেয়। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম একটি গোল করেন। এই কোয়ার্টারেও দুই গোল হজম করায় বাংলাদেশ ১-৩ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে দু'টি আর শেষ কোয়ার্টারে একটি গোল হজম করে জিমিরা। ছয় গোলের মধ্যে পাঁচ গোলই পেনাল্টি কর্নার থেকে করেছে মালয়েশিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আরো দু'টি ম্যাচ খেলবে।