
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ে গোল হজম করে হারার ম্যাচে লাল কার্ডও দেখেছিলেন এনজো ফার্নান্দেজ। তিন মাসের বেশি সময় পর সেই ফাইনাল নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন মিডফিল্ডার। স্পেনকে যোগ্য চ্যাম্পিয়ন হিসেবে স্বীকার করলেও তার বিশ্বাস, ম্যাচটি টাইব্রেকারে গড়ালে ফল হতো অন্য রকম। কারণ, আর্জেন্টিনার গোলপোস্টের নিচে ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এনজোর দাবি, দিবু থাকায় টাইব্রেকারে জয়ের ব্যাপারে তারা ছিলেন পুরোপুরি আত্মবিশ্বাসী। সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের ইউটিউব অনুষ্ঠান 'লস এদুল'-এ দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের নানা ঘটনা তুলে ধরেছেন এনজো। সেখানে স্পেনের কাছে হারের কারণ, আর্জেন্টিনার খেলোয়াড়দের শারীরিক অবস্থা এবং দিবু মার্তিনেজের চোট নিয়েও কথা বলেছেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। গত জুলাইয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন ফেরান তরেস। তার আগেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন এনজো। ফলে অতিরিক্ত সময়ের পুরোটা ১০ জন নিয়ে খেলতে হয়েছিল আর্জেন্টিনাকে।
এনজোর বিশ্বাস, স্পেনের সেই গোলটি ঠেকিয়ে ম্যাচ টাইব্রেকার পর্যন্ত নিতে পারলেই টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতত আর্জেন্টিনা। তিনি বলেন, 'টাইব্রেকারে গেলে আমরাই জিততাম। অবশ্যই। আমাদের দলে দিবু ছিল। আমরা জানতাম, ওখানে সে কখনো ব্যর্থ হয় না।'