
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। তবে ভারতের মূল জাতীয় দল নয়, প্রতিযোগিতায় অংশ নেবে দ্বিতীয় সারির দল। ভারত অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ নৌসাদ মুসার নেতৃত্বে খেলবে দলটি। সহকারী কোচ হিসেবে থাকছেন বিবিয়ানো ফার্নান্দেজ। সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ ভারত অনূর্ধ্ব-১৫ দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। সাফে বি-গ্রুপে রয়েছে ভারত। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তান। আগামী ৫ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। এরপর ১১ নভেম্বর একই সময়ে মালদ্বীপের মুখোমুখি হবে তারা। দলে অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি বয়সভিত্তিক দলের তরুণদেরও রাখা হয়েছে। কারণ, একই সময়ে ভারতের মূল জাতীয় দল দুটি প্রীতি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের অকল্যান্ড ও ক্রাইস্টচার্চ সফর করবে।