ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যাটে সেঞ্চুরি, গ্লাভসে ইতিহাস লিটনের সামনে এবার বিশ্বরেকর্ড

ব্যাটে সেঞ্চুরি, গ্লাভসে ইতিহাস লিটনের সামনে এবার বিশ্বরেকর্ড

ব্যাট হাতে শত রানের উজ্জ্বলতা, উইকেটের পেছনে ক্ষিপ্রতার ঝলক-জোহানেসবার্গে যেন একাই আলো ছড়াচ্ছেন লিটন কুমার দাস! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ব্যাটিংয়ের পর কিপিংয়েও নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। এক ইনিংসে ছয়টি ক্যাচ নিয়ে ভেঙেছেন দেশের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড। তাতেই থেমে নেই লিটন, এবার তার সামনে বিশ্বরেকর্ডের হাতছানি। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির পর কিপিং গ্লাভস হাতে নেমেও একই রকম উজ্জ্বল ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের একের পর এক সাজঘরে ফেরানোর পথে ছয়টি ক্যাচ জমা পড়েছে তার গ্লাভসে। তাতেই আজ মঙ্গলবার বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছেন তিনি। এত দিন দেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচটি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের। ২০১৩ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে নিয়মিত উইকেটকিপার হিসেবে পাঁচটি ক্যাচ নিয়েছিলেন মুশফিক। চার বছর পর, ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বদলি কিপার হিসেবে একই কীর্তি গড়েছিলেন ইমরুল। এবার দুজনকেই ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি নিজের করে নিলেন লিটন। তবে লিটনের কীর্তির মাহাত্ম্য শুধু বাংলাদেশের রেকর্ডে আটকে নেই। একই টেস্টে সেঞ্চুরি এবং এক ইনিংসে ছয়টি ক্যাচ নেওয়ার বিরল কৃতিত্ব দেখিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তি গড়া মাত্র তৃতীয় উইকেটকিপার-ব্যাটার এখন বাংলাদেশের এই তারকা!

মজার ব্যাপার, এই বিরল রেকর্ডের আগের দুটি নজিরও জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮২ রানের ইনিংস খেলার পর ছয়টি ক্যাচ নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে। এরপর ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১০৩ রানের ইনিংসের সঙ্গে ছয়টি ক্যাচ নিয়ে সেই তালিকায় নাম লেখান এবি ডি ভিলিয়ার্স। এবার একই মাঠে তাদের পাশে নিজের নাম যুক্ত করলেন লিটন। জোহানেসবার্গে লিটনের সামনে এখন আরও বড় অর্জনের সুযোগ। টেস্ট ক্রিকেটে নিয়মিত উইকেটকিপার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে পাঁচজনের। লিটনের সংগ্রহে এখন ছয়টি। আর একটি ক্যাচ পেলেই ছুঁয়ে ফেলবেন সেই রেকর্ড।

এক টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি, কিপিংয়ে দেশের ইতিহাস-লিটনের জোহানেসবার্গ অধ্যায় ইতিমধ্যে স্মরণীয় হয়ে উঠেছে। এখন অপেক্ষা শুধু শেষ একটি ক্যাচের। সেটি মিললে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক বিশ্বমঞ্চের গল্প লিখবেন লিটন!

এদিকে টেস্টের তৃতীয় দিনে আজ এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৭ উইকেটে ৩৮৬। এখনও ১৪ রানে এগিয়ে বাংলাদেশ দল। এদিন লাঞ্চ বিরতিতে বৃষ্টি নেমেছে জোহানেসবার্গে। আশপাশে বজ্রপাত হচ্ছে। এ কারণেই বন্ধ রয়েছে খেলা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত