ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিলেটের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন খুলনা

সিলেটের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন খুলনা

শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে ছিল দুই বিভাগ। একদিকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা খুলনা, অন্যদিকে শেষ রাউন্ডে দারুণভাবে ঘুরে দাঁড়ানো সিলেট। তবে শেষ হাসি হাসল খুলনাই। গত আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) রেকর্ড অষ্টম শিরোপা ঘরে তুলেছে দলটি। দীর্ঘ অপেক্ষারও অবসান হয়েছে। ২০১৯-২০ মৌসুমের পর আবারও দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো খুলনা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ রাউন্ডের ম্যাচে রংপুরের বিপক্ষে শুরুটা অবশ্য খুলনার জন্য খুব একটা স্বস্তির ছিল না। প্রথম ইনিংসে রংপুরের ৩৩৮ রানের জবাবে ৩২২ রানে অলআউট হয় তারা। ১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে রংপুর। তখন শিরোপার পথটা খুলনার জন্য কিছুটা কঠিন বলেই মনে হচ্ছিল।

কিন্তু ম্যাচের চিত্র পাল্টে দেন খুলনার বোলাররা। বিশেষ করে সফর আলীর বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারেনি রংপুর। ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান সফর। তাকে দারুণভাবে সঙ্গ দেন মেহেদী হাসান রানা। তার শিকার ৪ উইকেট। দুজনের বোলিং তোপে মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায় রংপুরের দ্বিতীয় ইনিংস। খুলনার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০১ রান। গতকাল মঙ্গলবার শেষ দিনে এই লক্ষ্য তাড়া করতে নেমে কোনো অঘটনের সুযোগই রাখেননি দুই ওপেনার এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে রংপুরের বোলারদের ওপর চড়াও হন তারা। উদ্বোধনী জুটিতে মাত্র ১২৩ রান তুলে জয়ের ভিত গড়ে দেন দুজন।

বিজয় ছিলেন আরও বেশি আক্রমণাত্মক। মাত্র ৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। ১১টি চার ও ৩টি ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল কার্যত টি-টোয়েন্টি মেজাজের। ৩৮ বলে পূর্ণ করেন ফিফটি। পরে আবু হাশিমের বলে ফিরলেও ততক্ষণে খুলনার শিরোপার পথ অনেকটাই পরিষ্কার!

অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে অবিচল ছিলেন আজিজুল হাকিম। বিজয় ফেরার পর কালাম সিদ্দিকিকে সঙ্গে নিয়ে বাকি কাজ শেষ করেন এই তরুণ। ১২৩ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। কালামও ৫৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৯ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে খুলনা। অবশ্য শিরোপা জয়ের পেছনে শুধু শেষ ইনিংসের ব্যাটিং নয়, প্রথম ইনিংসেও অবদান ছিল নুরুল হাসান সোহানের। খুলনার হয়ে সেঞ্চুরি করেন তিনি। আর বল হাতে দুই ইনিংসেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সফর আলী।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রাখে খুলনা। শেষ রাউন্ডের আগে ৩১ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিল দলটি। অন্যদিকে বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠে এসেছিল সিলেট। পূর্ণ ১০ পয়েন্ট পেয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩২। ফলে শেষ ম্যাচে খুলনার ওপর চাপও তৈরি হয়েছিল। কিন্তু রংপুরকে হারিয়ে শিরোপা নিশ্চিত করায় রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো সিলেটকে।

দ্বিতীয় একাদশের এনসিএলে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হলেও মূল এনসিএলে আর কোনো আক্ষেপ রাখেনি খুলনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত