ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি

মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি

কলম্বাস ক্রুর কাছে ইন্টার মিয়ামির ৩-০ গোলের হার ছাপিয়ে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে উঠেছে লিওনেল মেসির লাল কার্ড না পাওয়া। প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখ লক্ষ্য করে বল ছুঁড়ে মারার পরও কেবল হলুদ কার্ড দেখানোয় রেফারির সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

অনেকের মতে, এমন আচরণের জন্য সরাসরি লাল কার্ড দেখা উচিত ছিল মেসির। তবে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন ম্যাচের রেফারি অ্যালেন চ্যাপম্যান। এমএলএস কাপ প্লে-অফের শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে ঘটে বিতর্কিত ঘটনাটি। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে কলম্বাস ক্রুকে এগিয়ে দেন গঞ্জালো তাপিয়া। এরপর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টার মিয়ামির রাইটব্যাক গঞ্জালো লুহান। ফলে একজন কম নিয়ে খেলতে হয় মিয়ামিকে। বিরতির ঠিক আগে থ্রো-ইন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মেসি। এ সময় তার পাশে থাকা কলম্বাসের চিলিয়ান ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়া দ্রুত থ্রো-ইন নিতে বাধা দেন। একপর্যায়ে মেসি বল দিয়ে তাপিয়ার মুখে আঘাত করেন। এরপর তাপিয়ার বাধার মুখে আবারও তার মুখ লক্ষ্য করে বল ছুঁড়ে মারেন আর্জেন্টাইন তারকা। ঘটনাটি নিয়ে মাঠে উত্তেজনা তৈরি হলেও রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসিকে শুধু হলুদ কার্ড দেখান। তার বিবেচনায়, মেসির এই আচরণ সরাসরি লাল কার্ড দেখানোর মতো গুরুতর ছিল না। ফলে মাঠে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পান এই আর্জেন্টাইন।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কোর্তোয়া। তার মতে, মেসির অপরাধ হলুদ কার্ডের চেয়ে বড় শাস্তি পাওয়ার মতো ছিল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সবাই জানে, সে হলুদ কার্ডের চেয়ে বেশি কিছু পাওয়ার যোগ্য ছিল। বিষয়টি সত্যিই হতাশাজনক।' তবে কেন মেসিকে সরাসরি লাল কার্ড দেখানো হয়নি, তার ব্যাখ্যাও দিয়েছেন রেফারি চ্যাপম্যান।

পুল রিপোর্টারকে তিনি জানান, মেসির প্রয়োগ করা শারীরিক শক্তির মাত্রা খুবই কম ছিল। পাশাপাশি ঘটনাটিকে সহিংস আচরণ হিসেবে বিবেচনা করার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। তাই লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেননি তিনি।

অন্যদিকে, ঘটনার গুরুত্ব কমিয়ে দেখেছেন তাপিয়া নিজেও। সাংবাদিকদের তিনি জানান, এটি ম্যাচের স্বাভাবিক একটি ঘটনা ছিল। বিষয়টি নিয়ে বাড়তি আলোচনা করার প্রয়োজন নেই বলেও মনে করেন কলম্বাসের এই ফরোয়ার্ড। তার ভাষায়, ফুটবলে এমন পরিস্থিতি যেকোনো সময় ঘটতে পারে এবং ঘটনাটি সেখানেই শেষ হয়ে গেছে। এদিকে ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় হতাশা প্রকাশ করেছেন ইন্টার মিয়ামির কোচ কিলি গঞ্জালেজ। তার মতে, দল নিজেদের ভুলেই প্রতিপক্ষকে সুযোগ করে দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত