ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ক্রীড়া ইতিহাসের স্মৃতিভাণ্ডার হবে জাতীয় স্টেডিয়াম

ক্রীড়া ইতিহাসের স্মৃতিভাণ্ডার হবে জাতীয় স্টেডিয়াম

একসময় যে মাঠে জমে উঠত দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আয়োজন, যে স্টেডিয়ামকে ঘিরে আবর্তিত হতো বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের আবেগ, সেই জাতীয় স্টেডিয়াম এবার ফিরে পেতে যাচ্ছে নতুন পরিচয়। শুধু সংস্কার কিংবা অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশের ক্রীড়া ইতিহাস ও গৌরবগাথা সংরক্ষণের কেন্দ্র হিসেবেও স্টেডিয়ামটিকে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

পরিকল্পনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের স্মরণীয় অধ্যায়গুলোকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। স্বাধীন বাংলা ফুটবল দলের অসামান্য অবদান, ক্রিকেটে বাংলাদেশের প্রথম বড় আন্তর্জাতিক সাফল্য আইসিসি ট্রফি জয় এবং দেশের কিংবদন্তি খেলোয়াড়দের কীর্তি সংরক্ষণ ও প্রদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে জাতীয় স্টেডিয়াম হয়ে উঠতে পারে কেবল খেলার মাঠ নয়, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের জীবন্ত এক স্মৃতিসৌধ।

আজ রাজধানীর পল্টনের জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, স্টেডিয়ামের পরিবর্তন বলতে শুধু দেয়াল, গ্যালারি কিংবা প্রবেশপথের সংস্কার বোঝাচ্ছে না মন্ত্রণালয়; বরং পুরো এলাকাটির পরিবেশ ও ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে চায় তারা।

কারণ, ঐতিহ্যের ভার বহন করলেও জাতীয় স্টেডিয়ামের চারপাশের বাস্তবতা দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। ফুটপাত দখল, অবৈধ দোকানপাট, মাদক, ছিনতাইসহ নানা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে ব্যাহত হচ্ছে এলাকাটির স্বাভাবিক পরিবেশ। ক্রীড়াপ্রেমীদের যাতায়াত ও সাধারণ মানুষের চলাচলেও তৈরি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সতর্ক ও পেশাদার হওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথের সংস্কার এবং পুলিশ বক্সের আধুনিকায়ন। পাশাপাশি অবৈধ দখল ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে স্টেডিয়ামসংলগ্ন এলাকায় ফিরিয়ে আনার চেষ্টা থাকবে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা।

নিরাপত্তাব্যবস্থাকে কার্যকর করতে জাতীয় স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনায় কর্মরত নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। তবে শুধু পোশাক কিংবা সরঞ্জামেই নিরাপত্তার মান নিশ্চিত হবে না, দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিয়মশৃঙ্খলা ও জবাবদিহিও সমান গুরুত্বপূর্ণ-এ বিষয়েও জোর দিয়েছেন আমিনুল হক।

জাতীয় স্টেডিয়ামের সামনে এখন তাই দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে অব্যবস্থাপনা ও অনিরাপদ পরিবেশ দূর করে স্থাপনাটিকে সাধারণ মানুষের জন্য আরও স্বস্তিদায়ক করে তোলা, অন্যদিকে দেশের ক্রীড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অর্জনগুলোকে যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত