ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বকাপের অঙ্ক মেলাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপের অঙ্ক মেলাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের ওয়ানডে দল নির্বাচনে এবার অতীতের পারফরম্যান্সের চেয়ে ভবিষ্যতের হিসাবই বেশি গুরুত্ব পেয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে নেই কোনো নতুন মুখ। কিন্তু কয়েকটি সিদ্ধান্ত বুঝিয়ে দিচ্ছে, নির্বাচকেরা শুধু আসন্ন তিন ম্যাচের সিরিজ নিয়ে ভাবছেন না। তাদের চোখ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার কন্ডিশনে কারা কার্যকর হতে পারেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন এই দল সাজানো হয়েছে। দল নির্বাচনের সবচেয়ে আলোচিত নাম সৈয়দ খালেদ আহমেদ। দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেললেও সাদা বলের ক্রিকেটে তার উপস্থিতি প্রায় নেই বললেই চলে। ওয়ানডে অভিষেকের পর কেটে গেছে প্রায় তিন বছর। এই সময়ে ঘরোয়া ক্রিকেটেও এমন কোনো ধারাবাহিক পারফরম্যান্স নেই, যা তাকে স্বাভাবিকভাবেই জাতীয় দলে ফেরার দাবিদার করে তুলতে পারে। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে সাত ম্যাচে তার উইকেটসংখ্যা নয়। তার আগের মৌসুমেও ১০ ম্যাচে সমান উইকেট নিয়েছিলেন। তাহলে কেন খালেদ? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে দক্ষিণ আফ্রিকার উইকেটের বৈশিষ্ট্যে। সেখানকার গতি ও বাউন্সকে কাজে লাগানোর মতো একজন পেসার হিসেবে তাকে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট। নির্বাচক নাঈম ইসলামের বক্তব্যও সেটিই স্পষ্ট করেছে। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার উইকেটে যদি খালেদকে দেখেন, আমাদের মনে হয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেট ও কন্ডিশনে ওয়ানডে ক্রিকেটে খালেদ বেশি কার্যকর হবে। তাই খালেদকে দলে নেওয়া হয়েছে।

এখানে নির্বাচকদের ভাবনার একটি গুরুত্বপূর্ণ দিক আছে। একজন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে কত উইকেট নিয়েছেন, সেটিই তার জাতীয় দলে সুযোগ পাওয়ার একমাত্র মাপকাঠি নয়। নির্দিষ্ট প্রতিপক্ষ ও কন্ডিশনে তার দক্ষতা কতটা কাজে আসতে পারে, সেটিও বিবেচনায় আসছে। তবে এই সিদ্ধান্তের ঝুঁকিও রয়েছে। দীর্ঘদিন ওয়ানডে না খেলা একজন পেসারকে সরাসরি দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনে পরীক্ষা করা কতটা কার্যকর হবে, সেটি মাঠের পারফরম্যান্সেই প্রমাণ করতে হবে খালেদকে।

একই কন্ডিশন বিবেচনায় ওয়ানডে দলে ফিরেছেন ইয়াসির আলি চৌধুরী। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের অভিজ্ঞতা তার পক্ষে গেছে। ২০২২ সালের সফরে প্রথম ওয়ানডেতে ৪৪ বলে ৫২ রানের ইনিংস খেলেছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। পাশাপাশি সাম্প্রতিক ফর্মও তার পক্ষে। তাকে সুযোগ দিতে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন।

মোসাদ্দেকের বাদ পড়ার ব্যাখ্যায় অবশ্য শুধু দক্ষিণ আফ্রিকার কন্ডিশন নয়, সাম্প্রতিক পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত জুনে তিন ম্যাচে ১৫৭ রান করলেও পরবর্তী দুই সফরে তিন ইনিংসে তার সংগ্রহ মাত্র ২১।

নির্বাচকদের কাছে ইয়াসিরের অভিজ্ঞতা ও বর্তমান ফর্ম বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে মিডল অর্ডারে এমন ব্যাটসম্যান প্রয়োজন, যিনি পেস ও বাউন্স সামলে ইনিংস এগিয়ে নিতে পারবেন। ইয়াসির সেই দায়িত্ব কতটা পালন করতে পারেন, সেটি যাচাইয়ের সুযোগ পাচ্ছেন তিনি। তবে এক ম্যাচের পুরোনো অভিজ্ঞতা কিংবা ঘরোয়া ফর্ম দিয়ে আন্তর্জাতিক পর্যায়ের চ্যালেঞ্জ সামলানো যাবে কি না, সেটিই হবে তার পরীক্ষা। টপ অর্ডারে মোহাম্মদ নাঈম শেখের প্রত্যাবর্তনও নির্বাচকদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তার জায়গা ছেড়ে দিতে হয়েছে সাইফ হাসানকে। কিন্তু সাইফের বাদ পড়াকে ব্যর্থতার শাস্তি হিসেবে দেখছেন না নির্বাচকেরা। বরং ২০২৭ বিশ্বকাপের সম্ভাব্য কন্ডিশনে নাঈমকে যাচাই করে নিতে চাইছেন তারা। নাঈম ইসলামের বক্তব্যে এই পরিকল্পনা পরিষ্কার। তিনি বলেন, নাঈম শেখের গত কয়েক বছরের ঘরোয়া লিস্ট এ পারফরম্যান্স যদি দেখেন, সে যথেষ্ট ভালো করছে। সাইফ যে খারাপ করছে, এমন নয়। সেও আমাদের ভাবনায় আছে ভালোভাবেই। যেহেতু ১১ মাস পর এখানেই (দক্ষিণ আফ্রিকা) বিশ্বকাপ, আমরা চাচ্ছি নাঈম শেখকে যদি দেখতে পারি সে ওখানে কেমন করছে, তাহলে আমাদের জন্য ভালো হবে। এই বক্তব্যে নির্বাচকদের একটি বাস্তবতা স্বীকার করার বিষয়ও রয়েছে। বিশ্বকাপের আগে নির্দিষ্ট কন্ডিশনে ক্রিকেটারদের পরীক্ষা করার জন্য পর্যাপ্ত সময় হাতে নেই। তাই এখন থেকেই সম্ভাব্য বিকল্পগুলো যাচাই করতে হবে। সাইফকে বাদ দেওয়া মানে তার ওপর আস্থা হারানো নয়, বরং নাঈমের জন্য একটি সুযোগ তৈরি করা। তবে এই পরীক্ষা সফল করতে হলে নাঈমকে শুধু দলে জায়গা পেলেই চলবে না, পারফরম্যান্স দিয়েও নিজের দাবিকে প্রতিষ্ঠা করতে হবে। উইকেটকিপিং বিভাগেও হয়েছে পরিবর্তন। লিটন দাসের ব্যাকআপ হিসেবে ফিরেছেন জাকের আলি। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। সোহানকে নিয়মিত খেলানোর সুযোগ না পাওয়ার কথা নির্বাচকেরা স্বীকার করেছেন। তবে সুযোগ পেয়েও তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে মনে করেন নাঈম। অন্যদিকে জাকের 'এ' দলের হয়ে ভালো পারফরম্যান্স করে আবার নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। এই পরিবর্তনটি শুধু ব্যাকআপ উইকেটকিপার নির্বাচন নয়, দলের মধ্যকার প্রতিযোগিতার বার্তাও বহন করে। জাতীয় দলের বাইরে চলে যাওয়ার পরও ভালো পারফরম্যান্স করে ফেরার সুযোগ রয়েছে-জাকেরের প্রত্যাবর্তন সেই বার্তাই দিচ্ছে। একই সঙ্গে সোহানের জন্যও এটি নিজের জায়গা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ।

অন্যদিকে আলিস আল ইসলামের অনুপস্থিতি নির্বাচকদের সতর্ক অবস্থানের উদাহরণ। অভিষেক ওয়ানডেতেই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। আইসিসির স্বতন্ত্র পরীক্ষাগারে তার অ্যাকশন পরীক্ষা হয়েছে। ফল হাতে পাওয়ার পরই তাকে নিয়ে নতুন করে ভাববে বাংলাদেশ।

সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মনীতি ও প্রস্তুতির বিষয়টি উপেক্ষা করতে রাজি নয় দল! দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে নির্বাচকদের তিন ধরনের চিন্তা স্পষ্ট। প্রথমত, স্থানীয় কন্ডিশনে কার্যকর হতে পারেন এমন ক্রিকেটারকে সুযোগ দেওয়া। দ্বিতীয়ত, বর্তমান ফর্ম ও আগের অভিজ্ঞতার সমন্বয় করা। তৃতীয়ত, ২০২৭ বিশ্বকাপের আগে সম্ভাব্য বিকল্পগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে যাচাই করে নেওয়া। তবে পরিকল্পনা আর বাস্তবায়নের মধ্যে ব্যবধান আছে। খালেদ যদি দক্ষিণ আফ্রিকার বাউন্স কাজে লাগাতে না পারেন, ইয়াসির যদি মিডল অর্ডারে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন কিংবা নাঈম যদি সুযোগ কাজে লাগাতে না পারেন, তাহলে নির্বাচকদের এই পরীক্ষা খুব বেশি ফল দেবে না। আবার তাদের পারফরম্যান্স ভালো হলে বিশ্বকাপের আগে বাংলাদেশের হাতে বাড়তি বিকল্প তৈরি হবে।

এখানেই তিন ম্যাচের সিরিজটির গুরুত্ব। ফলাফল অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচকদের কাছে এটি একই সঙ্গে ভবিষ্যতের দল গঠনের পরীক্ষাগার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত