ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

হতাশা ভুলে এবার সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের

হতাশা ভুলে এবার সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের

টেস্টে আড়াই দিনের লড়াইয়ে ইনিংস ব্যবধানে হার। তার ওপর বৃষ্টির কারণে নষ্ট হয়েছে প্রায় দুই সেশন। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশের। অথচ এই সফরেই আছে ঘুরে দাঁড়ানোর সুযোগ। টেস্টের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে এবার সাদা বলের ক্রিকেটে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। আর সেই নতুন শুরুর পথে অনুপ্রেরণা হয়ে থাকছে দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি!

টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ায় হাতে বাড়তি দুই দিন সময় পেয়েছে বাংলাদেশ দল। জয় দিয়ে টেস্ট শেষ করতে পারলে এই সময়টা হয়তো বিশ্রাম কিংবা দক্ষিণ আফ্রিকা ঘুরে দেখার সুযোগ হয়ে উঠত। কিন্তু ইনিংস ব্যবধানে হারের পর সেই অবকাশ নেওয়ার সুযোগ নেই। বরং সামনে থাকা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে সময়টা কাজে লাগাতে চাইছে দল।

সেই লক্ষ্যেই নির্ধারিত সময়ের আগেই মাঠে নেমে পড়েছেন সাদা বলের সিরিজে থাকা ক্রিকেটাররা। আজ সেঞ্চুরিয়নে অনুশীলন করেছেন তানভীর ইসলাম, ইয়াসির আলী রাব্বি, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। তাদের সঙ্গে ছিলেন কোচিং প্যানেলের সদস্যরাও। কাতারে 'এ' দলের টুর্নামেন্টের মাঝপথ থেকে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দিয়েছেন ইমন। বাংলাদেশ থেকে উড়ে গেছেন রিশাদ। তানভীর ও ইয়াসিরও যোগ দিয়েছেন দলের প্রস্তুতিতে।

এই প্রস্তুতিতে বাড়তি আগ্রহের নাম ইয়াসির আলী। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন এই ব্যাটার। জাতীয় দলের জার্সিতে ফেরার অপেক্ষা তার ছিলই। এবার সেই অপেক্ষার অবসান হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। তার ওপর প্রত্যাবর্তনের মঞ্চ দক্ষিণ আফ্রিকা, যে দেশে বাংলাদেশের আগের ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে তাঁর নিজের পারফরম্যান্সও।

অনুশীলনের ফাঁকে বিসিবির এক বার্তায় নিজের অনুভূতি জানাতে গিয়ে ইয়াসির বলেন, 'আলহামদুলিল্লাহ, অনেক দিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছি। ভালো লাগছে। সব সময়ই প্রত্যাশা ছিল, আবার জাতীয় দলে ফিরব এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব। শেষবার দক্ষিণ আফ্রিকায় এসে আমরা ওয়ানডে সিরিজ জিতেছিলাম। আমিও দলের জন্য অবদান রাখতে পেরেছিলাম। সেটি অবশ্যই অনুপ্রেরণা দেবে। আগের সাফল্য ধরে রাখার চেষ্টা করব।'

দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা সব সময়ই বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা। প্রতিপক্ষের গতি, বাউন্স আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তো আছেই। তবে আগের সফরে সিরিজ জয়ের অভিজ্ঞতা এবার আত্মবিশ্বাস জোগাতে পারে বাংলাদেশকে। ইয়াসিরও ব্যক্তিগত অর্জন কিংবা পেছনের হতাশায় আটকে থাকতে চান না। তাঁর ভাবনায় এখন কেবল দলীয় সাফল্য।

সেই প্রত্যয় জানিয়ে তিনি বলেন, 'যা চলে গেছে, তা নিয়ে এখন আর ভাবতে চাই না। সামনে ওয়ানডে সিরিজ। আমরা সবাই একসঙ্গে থেকে বাংলাদেশকে জেতানোর চেষ্টা করব। ওয়ানডেতে আমরা ভালো খেলছি, সেটি আমাদের জন্য ইতিবাচক দিক। দলও বেশ ভালো। এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ।'

টেস্টের ব্যর্থতা ভুলে ওয়ানডেতে নতুন করে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে প্রথম ম্যাচের পর ৪ ডিসেম্বর গকেবেরহার সেন্ট জর্জেস পার্কে মুখোমুখি হবে দুই দল। সিরিজের শেষ ম্যাচ ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে। তিনটি ম্যাচই দিবারাত্রির। বাংলাদেশ সময় প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। টেস্টের ফলাফল আপাতত অতীত। সামনে নতুন সংস্করণ, নতুন লড়াই। আর সেই লড়াইয়ে ইয়াসিরদের চোখ শুধু ভালো ক্রিকেট খেলা নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে আরেকটি ওয়ানডে সিরিজ জয়!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত