
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না ইংল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ৭ উইকেটে জিতেছে সফরকারীরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
জবাবে ৭ উইকেট ও ৪৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। এই ম্যাচে হয়েছে এক রেকর্ডও। দুই ইনিংস মিলিয়ে মাত্র ২০১ রান করেছে দুদল। আর এটাই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে সর্বনিম্ন রানের টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে দুদলের দুই ইনিংস মিলিয়ে সর্বনিম্ন রান ছিল ২৫১। ২০২১ সালের ৩০ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটি।
ব্রিসবেনে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও পাওয়ার প্লে পর্যন্ত ইতিবাচক ব্যাটিংই করে স্বাগতিকরা। এরপর জেমি ওভারটন ও লিয়াম ডুসনের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতেই পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন স্যাম হার্পার। ২২ রান আসে জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।
ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার জেমি ওভারটন। ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে সর্বোচ্চ ৫টি উইকেট নেন তিনি। এছাড়া তিনটি উইকেট পেয়েছেন লিয়াম ডুসন। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকে ইংল্যান্ড। কিন্তু এর মাঝেই কয়েকবার বৃষ্টি এলে কমিয়ে দেওয়া হয় ম্যাচের পরিধি। ১৬ ওভারে ৯৩ রানের লক্ষ্য পায় ইংলিশরা। যা মাত্র ৮.৫ ওভারেই তুলে নেয় হ্যারি ব্রুক বাহিনী। মাত্র ১৪ বলে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন জর্ডান কক্স। ১৩ বলে ৩২ রান করেন ওপেনার অ্যানুরান ডোনাল্ড। এছাড়া ফিল সল্ট ৫, হ্যারি ব্রুক ৯ ও টম ব্যান্টন ১০ রান করেন।