ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি নাহিদ, চাইলেন দোয়া

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি নাহিদ, চাইলেন দোয়া

বাংলাদেশের পেস আক্রমণে নতুন আশার নাম নাহিদ রানা। গতির ঝড় তুলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ পেসার। কিন্তু প্রতিভার সেই ঝলক নিয়মিত দেখানোর সুযোগ যেন কিছুতেই পাচ্ছেন না তিনি! একের পর এক চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর যখন প্রত্যাবর্তনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, ঠিক তখনই নতুন করে বাধা হয়ে দাঁড়াল ডেঙ্গু। অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাহিদ।

গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন বাংলাদেশের এই গতিতারকা। জ্বর না কমায় গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়েছে। আজ নিজের ফেসবুক পেজে অসুস্থতার খবর জানিয়ে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নাহিদের ফেসবুক পেজের অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে লেখা হয়েছে, 'সবার কাছে তিনি (নাহিদ রানার) দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।'

নাহিদের অসুস্থতার খবরটি এসেছে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে ফেরার পরিকল্পনা ছিল তার। তবে পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় টেস্টের পর ওয়ানডে দলেও জায়গা হয়নি এই পেসারের। নির্বাচকদের পরিকল্পনা ছিল, ওয়ানডে সিরিজ চলাকালে তাকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা হবে। কিন্তু ডেঙ্গুর সংক্রমণ সেই পরিকল্পনাকেও অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।

নাহিদের মাঠে ফেরার অপেক্ষাটা অবশ্য নতুন নয়। গত জুনে সাইড স্ট্রেইনের চোটে পড়ার পর শুরু হয় তার পুনর্বাসনপ্রক্রিয়া। সেই সমস্যা কাটিয়ে ওঠার সময় আবারও দেখা দেয় নিতম্বের ব্যথা। নতুন করে চোটের আশঙ্কা তৈরি হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর তত্ত্বাবধানে চলে চিকিৎসা ও পুনর্বাসন।

অবশেষে অস্ট্রেলিয়ায় থাকতেই বোলিং অনুশীলনে ফিরেছিলেন নাহিদ। ধীরে ধীরে বাড়ানো হচ্ছিল বোলিংয়ের পরিমাণ। তখন ব্যথাও ছিল না। চিকিৎসকদের কাছ থেকেও মিলেছিল ইতিবাচক সংকেত। দেশে ফিরে বিসিবির চিকিৎসকদের কাছেও নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল বলেই দক্ষিণ আফ্রিকা সফরে ফেরার আশাও তৈরি হয়েছিল।

পরিকল্পনা অনুযায়ী, নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ বোলিংয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল তাকে। বিশেষ করে ৩০ নভেম্বর পর্যন্ত বোলিংয়ের চাপ ধাপে ধাপে বাড়ানোর কথা ছিল। কিন্তু জ্বরের কারণে গত দুই দিন অনুশীলনে বোলিং করতে পারেননি এই পেসার। ডেঙ্গু শনাক্ত হওয়ায় আপাতত তার পুনর্বাসন ও বোলিং পরিকল্পনা থমকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ১০ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখেই নাহিদকে ফেরানোর পরিকল্পনা ছিল। কিন্তু এখন সেই লক্ষ্য অর্জনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডেঙ্গু থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা।

একজন গতিময় পেসারের জন্য দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা কেবল শারীরিকভাবে সুস্থ হওয়ার বিষয় নয়। নিয়মিত বোলিং, ধাপে ধাপে কাজের চাপ বাড়ানো এবং ম্যাচ খেলার সক্ষমতা ফিরে পাওয়ার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। নাহিদের ক্ষেত্রে সেই প্রক্রিয়া আবারও পিছিয়ে যেতে পারে। অসুস্থতা কাটিয়ে কত দ্রুত তিনি বোলিংয়ে ফিরতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন।

এদিকে নাহিদকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। মাঠে ফেরার আগে তার ওয়ার্কলোড ও ফিটনেস পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, 'নাহিদ ফিট, এখন বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তার আগে ওয়ার্কলোড এবং ফিটনেস পরীক্ষায় উৎরাতে হবে।'

তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর সেই ফিটনেস পরীক্ষার আগে আরও একটি কঠিন লড়াই অপেক্ষা করছে নাহিদের জন্য। প্রথমে চোট, এরপর পুনর্বাসন, আর এবার ডেঙ্গু-বারবার বাধার মুখে পড়ছে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ। আপাতত ব্যাটারদের বিপক্ষে গতির ঝড় তোলার চেয়ে হাসপাতালের বিছানায় সুস্থ হয়ে ওঠাই তার প্রধান লক্ষ্য!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত