
ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক ফলের পর এবার ঘুরে দাঁড়ানোর মঞ্চ নিউজিল্যান্ড সফর। সামনে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডেতে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন নিগার সুলতানা জ্যোতিরা। বিশেষ করে ওয়ানডে সিরিজে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্য থাকবে বাংলাদেশের।
নতুন চ্যালেঞ্জ সামনে রেখে এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছেন ক্রিকেটাররা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে অনুশীলন। আগামী ৪ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে দলের। তবে শুধু প্রস্তুতি নিলেই হবে না, সাম্প্রতিক ব্যর্থতা থেকে বেরিয়ে মাঠের পারফরম্যান্সে পরিবর্তন আনাটাই হবে জ্যোতিদের সবচেয়ে বড় পরীক্ষা!
কারণ, সাম্প্রতিক সময়টা বাংলাদেশের জন্য মোটেও স্বস্তির নয়। সবশেষ উইমেন্স নেশন্স কাপেও প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। তার আগে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হতে হয়েছিল। তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৬৬, ২২০ ও ১৭২ রান। ব্যাটিংয়ের এই অসংগতিই বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।
অস্ট্রেলিয়া সফরে অবশ্য ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন সোবহানা মোস্তারি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটে সেটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। কিন্তু একজন ব্যাটারের অসাধারণ পারফরম্যান্স দলকে জেতানোর জন্য যথেষ্ট হয়নি। পুরো সিরিজে অন্য ব্যাটারদের কাছ থেকে ধারাবাহিক অবদান না পাওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।
এর আগে এশিয়ান গেমসেও হতাশ হতে হয়েছে। সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হারের পর ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে নিউজিল্যান্ড সফরটা শুধু আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ নয়, আত্মবিশ্বাস ফেরানোরও বড় সুযোগ।
তবে কাজটা সহজ হবে না। নিউজিল্যান্ডের কন্ডিশনে পেস ও বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়া বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। সেখানে দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি বোলারদেরও আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখতে লাইন-লেংথ ও উইকেট নেওয়ার দক্ষতায় উন্নতি জরুরি।
সফর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ১০ ও ১২ ডিসেম্বর নেলসনে প্রথম দুই ম্যাচের পর ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে হবে তৃতীয় টি-টোয়েন্টি। এরপর ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ২১ ও ২৩ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে।