
একসময় ব্রাজিলকে ভয় পেত ফুটবল বিশ্ব। প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়াতেন রোনালদো নাজারিও, রোনালদিনিও ও রিভালদোরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ ছিল কম। অথচ সময়ের ব্যবধানে সেই ব্রাজিলই এখন বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত রাখতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি এতটাই বদলেছে যে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লড়াকু মানসিকতাও এখন ব্রাজিলের জন্য কষ্টের কারণ হয়ে উঠেছে। অন্তত ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর মূল্যায়ন তেমনই। গ্যারি নেভিল, জেমি ক্যারাঘার ও ইয়ান রাইটের সঙ্গে 'স্টিক টু ফুটবল' পডকাস্টে ব্রাজিলের বর্তমান ফুটবল নিয়ে খোলামেলা কথা বলেছেন সাবেক এই স্ট্রাইকার।
তার মতে, একসময় নিজেদের প্রতিভা ও আত্মবিশ্বাসই ছিল ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। কিন্তু এখন ইউরোপীয় ফুটবলের অনুকরণ করতে গিয়ে নিজেদের স্বকীয়তা হারাচ্ছে দেশটির ফুটবল। রোনালদো বলেন, 'আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে আমাদের দেশে নিজেদের প্রতিভার ওপর ভর করেই প্রচণ্ড আত্মবিশ্বাস কাজ করত। কিন্তু আজকের ইউরোপীয়রা অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং তারা ভালো খেলে।'
শুধু ইউরোপের সঙ্গে পাল্লা দিতে না পারাই নয়, ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দলীয় ঐক্যের অভাবকেও দেখছেন তিনি। ব্যক্তিগত প্রতিভা থাকলেও বিশ্বকাপ জয়ের জন্য যে সম্মিলিত শক্তি প্রয়োজন, বর্তমান দলে সেটির ঘাটতি রয়েছে বলে মনে করেন এই কিংবদন্তি, 'বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয় ব্রাজিল।