অনলাইন সংস্করণ
১১:৪৫, ০৩ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার কথা থাকলেও নানা ঘটনার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত তিনি অংশ নিতে পারেননি। বর্তমানে এই বাঁহাতি পেসার পাকিস্তান সুপার লিগে খেলছেন।
আইপিএলের মিনিআকশনে মুস্তাফিজুরকে ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। এর আগে কখনও তার সর্বোচ্চ দর ৩ কোটি রুপির বেশি না উঠলেও এবার কলকাতা নাইট রাইডার্স তাকে ৯.২০ কোটি রুপিতে দলে ভেড়ায়। বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন দলটির পরিকল্পনায় ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর গুরুত্বপূর্ণ অংশ ছিলেন বলেই ধারণা করা হচ্ছিল।
তবে ৩ জানুয়ারির পর পরিস্থিতি বদলে যায়। দেবাজিত সাইকিয়ার এক মন্তব্যের পর মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় কলকাতা নাইট রাইডার্সকে। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা অনুসরণ করে ফ্র্যাঞ্চাইজিটিও সেই সিদ্ধান্ত কার্যকর করে।
এ বিষয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল প্রতিক্রিয়া জানিয়েছেন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুরো ঘটনাটি দুর্ভাগ্যজনক। এর বেশি এ বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই বলেও উল্লেখ করেন তিনি।
আইপিএলে রাজনীতির প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে ধুমাল বলেন, ভারত সরকার প্রতিদিনের ক্রিকেট পরিচালনায় হস্তক্ষেপ করতে আগ্রহী নয়।
তিনি বলেন, সরকার সামগ্রিকভাবে ক্রিকেটকে সমর্থন করে, তবে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না।
উল্লেখ্য, মুস্তাফিজুর ইস্যুর আগেও ২০০৯ সালের পর থেকে পাকিস্তানের কোনো ক্রিকেটার আইপিএলে অংশ নেয়নি।