
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন এবং আরও দুইজন নিখোঁজ রয়েছেন।
নিহত মো. সোহেল (২২) বরিশালের মেহেন্দীগঞ্জের বাসিন্দা। আহত বোরা আক্তার (২০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১৮ মার্চ) রাতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ইলিশা রুটের ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে ‘এমভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) নামের আরেকটি লঞ্চ ধাক্কা দেয়। এতে অপেক্ষমাণ লঞ্চে থাকা কয়েকজন যাত্রী পিষ্ট হন। গুরুতর আহত বোরা আক্তার নদীতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ওসি শাহ মো. ফয়সাল আহমেদ জানান, নিহত সোহেলের মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহত নারী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাগ রানা বলেন, একাধিক নিখোঁজের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে নৌ পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত দুইজন নিখোঁজ হয়েছে বলে আমরা নিশ্চিত তথ্য পেয়েছি।