ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্য পরিষদ।

মানববন্ধনে বক্তারা বলেন, “সরকার যখন সবার জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছে, তখন কেন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে থাকবে? এই বৈষম্যমূলক সিদ্ধান্তের দ্রুত পরিবর্তন চাই।”

বক্তারা আরো বলেন, “একই বয়সী শিক্ষার্থীরা এক পাঠ্যসূচিতে পড়ালেখা করলেও কেন কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হবে? কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও এই পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার থাকা উচিত।”

মানববন্ধন থেকে দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করা হয়। মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (নার্সারি প্রি- ক্যাডেট,কিন্ডারগার্টেন) এর পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীদের আসন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক জহিরুল ইসলাম, সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক এস এম ফাহিম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (মনির), গজারিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ ফজলুল হক নয়ন, শ্রীনগর উপজেলা সভাপতি আঃ লতিফ মিয়া, টঙ্গীবাড়ী উপজেলা সভাপতি আওলাদ হোসেন, শ্রীনগর উপজেলা সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, সিরাজদিখান উপজেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, লৌহজং উপজেলার সভাপতি নজরুল ইসলাম,পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. ফারুকুজ্জামান, ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগম প্রমুখ।

এছাড়াও বক্তব্য দেন সিরাজদিখানের এডভোকেট মেহেদী হাসান আরজু ও মো. হেদায়েত উল্লাহ, রেডরজ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ উজ্জ্বল আহমেদ সহ জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে। এতে কিন্ডারগার্টেন ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা,বৈষম্য,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত