
ঢাকা–রংপুর মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে রংপুরমুখী লেনে এ দুর্ঘটনা হয়।
মহাসড়কের রংপুরমুখী লেনে বগুড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ত্রিমুখী এ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে সেটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঠিক সেই সময় দ্রুতগতিতে পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি (৩৩) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল রাজ্জাক হওলাদারকে (৪১) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কিছুসময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেয়। পুলিশ জানায়, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা ঢাকা থেকে রংপুর নগরীর হারাগাছ এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। এখন পর্যন্ত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। পরিবারের লোকজন আসলে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।