
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার ২২টি ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছে ২০০ কোস্টগার্ড সদস্য। সক্ষমতা নিয়ে কেন্দ্রগুলোতে তাদের অবস্থান থাকবে বলে জানালেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোস্টগার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ নির্বাচনী মহড়া পরিদর্শন করেন তিনি।
পরে মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোস্টগার্ড ডিজি।
মহাপরিচালক বলেন, বিগত তিনটি নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত। সরকারের পক্ষ থেকে একটি অ্যাপস, ক্যামেরা ও ড্রোনের মতো প্রযুক্তি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রগুলোতে অবস্থান করবে। সারাদেশের চরাঞ্চলে কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫ সদস্য মোতায়েন থাকবে।
তিনি বলেন, আমরা কোনো আশঙ্কা করছি না। আমাদের দৃঢ় বিশ্বাস, উপকূলীয় এলাকার ভোটকেন্দ্রগুলোতে যে অবস্থা বিরাজমান আছে, আমাদের উপস্থিতির মাধ্যমে জনগণের মাঝে যে আস্থা তৈরি হয়েছে, এতে উৎসবমুখর পরিবেশে আমরা ভোট গ্রহণ করাতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
জিয়াউল হক বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ এবং নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে। বিশেষ করে নদীমাতৃক জেলা চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড একটি নির্ভরযোগ্য বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনিসহ কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড থেকে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্টগার্ডের প্রায় ৩ হাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় এবং নদীতীরবর্তী দুর্গম এলাকাসমূহে মোতায়েন থাকবে। ইতোমধ্যে এসব প্লাটুন স্থলভাগ ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীসহ নদীবেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলসমূহের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।