ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ।

পুলিশ জানায়, ভোরে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে কয়েকজন দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জাম নিয়ে অবস্থান করছিল। ককটেল প্রস্তুতের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন মারা যান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বিস্ফোরণে আহত তিনজন হলেন— সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ,সদর উপজেলা,ককটেল,বিস্ফোরণ,নিহত,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত