
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সশস্ত্র হামলায় ইমন (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে বাদ্যকর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইমন (২২) একই এলাকার জসিম মিয়ার ছেলে। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় ইমন ব্যক্তিগত কাজে বাড়ির পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হঠাৎ তাকে ঘিরে ফেলে এবং খুব কাছ থেকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে ইমন মাটিতে লুটিয়ে পড়েন। গুলির বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এ সময় বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট দ্রুত বন্ধ করে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যান। হামলার পর অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।
গুরুতর আহত ইমনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার শরীরে তিনটি গুলিবিদ্ধ হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।