ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বৃহৎ পরিসরের যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে প্রায় সাড়ে তিন হাজার সদস্য অংশ নিয়েছেন। ইতোমধ্যে এলাকাটির সবকটি প্রবেশপথ ঘিরে ফেলে বিভিন্ন আস্তানাকে লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে।

সোমবার (৯ মার্চ) ফজরের নামাজের পর জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশমুখ দিয়ে বাহিনীর সদস্যরা ভেতরে প্রবেশ করে অভিযান শুরু করেন। এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সাম্প্রতিক সময়ে নির্দিষ্ট কোনো এলাকাকে ঘিরে এটিই আইনশৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বড় অভিযান বলে জানা গেছে। অভিযানে ৫৫০ জন সেনাসদস্য, ১ হাজার ৮০০ পুলিশ সদস্য, ৩৩০ জন এপিবিএন সদস্য, ৪০০ র‍্যাব সদস্য, ১২০ জন বিজিবি সদস্য অংশ নিয়েছেন। পাশাপাশি ১৫টি এপিসি, তিনটি ডগ স্কোয়াড এবং তিনটি হেলিকপ্টার রিজার্ভ রাখা হয়েছে।

জানা গেছে, সোমবার দিবাগত রাতেই জঙ্গল সলিমপুরের সব প্রবেশমুখ ঘিরে ফেলে বাহিনীর সদস্যরা। পরে কয়েকটি দলে ভাগ হয়ে ফজরের নামাজের পর এলাকাটির ভেতরে প্রবেশ করে অভিযান শুরু করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হওয়া এই অভিযান আগামীকাল বিকাল পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে র‍্যাবের একটি অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় এক র‍্যাব সদস্য নিহত হন এবং আরও তিনজন আহত হন।

চট্টগ্রামের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ অনুসন্ধানে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গোপন আস্তানার তথ্য সামনে আসে। প্রায় ৩ হাজার একর জায়গাজুড়ে বিস্তৃত এই এলাকায় প্রায় ২০ হাজার বসতিতে প্রায় ২ লাখ মানুষের বসবাস রয়েছে। সরকারি মালিকানাধীন এ এলাকাটি দীর্ঘদিন ধরে রোকন, ইয়াছিন ও রিদোয়ানসহ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রায় দুই যুগ ধরে জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এর আগে ২০১৭ ও ২০২২ সালেও প্রশাসন সেখানে অভিযান চালানোর চেষ্টা করলেও নানা অজুহাত ও স্থানীয় সন্ত্রাসীদের বাধার মুখে তা সফল হয়নি। তবে এবার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সন্ত্রাসবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কঠোর বার্তা দিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

চট্টগ্রাম,সীতাকুণ্ড,জঙ্গল সলিমপুর,যৌথ অভিযান,আইনশৃঙ্খলা বাহিনী,সেনাবাহিনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত